সুচরিতা সেন চৌধুরী: বেশিদিন আগের কথা নয়। গত বছরের শেষের দিকে। এই ভারতের মাটিতেই ভারতকে হারিয়ে একদিনের বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়েছিলেন তিনি। মাঝে কয়েকটা মাস মাত্র। এবার আর হলুদ নয় তিনি ফিরে এসেছেন কমলা জার্সিতে, সেই অধিনায়কের ভূমিকায়। আইপিএল ২০২৪-এর মঞ্চে। তিনি প্যাট কামিন্স, বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচেই কলকাতার ইডেন গার্ডেনে তাঁদের মুখোমুখি হতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। তবে দল নিয়ে আত্মবিশ্বাসী সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। শুক্রবার সাংবাদিক সম্মেলনে নিজের দলের শক্তি, দুর্বলতা সব নিয়েই কথা বললেন প্যাট কামিন্স।
তিনি মেনে নিলেন তাঁরা হোমওয়ার্ক করেই মাঠে নামছেন। তবে তিনি যে অধিনায়ক হিসেবে এই ফর্ম্যাটে নতুন সেটাও জানিয়ে দিলেন।বলছিলেন, “এই ফর্ম্যাটে এর আগে আমি কখনও অধিনায়কত্ব করিনি। কালকের (শনিবার) ম্যাচে প্রথম করব। কিছু প্রস্তুতি আমি নিয়েছি এবং আমি তৈরি।”
তবে তাঁকে একটু হলেও ভাবাচ্ছে অল্প সময়ে অনেক ক্রিকেট। তিনি বলছিলেন, “সব থেকে বড় চ্যালেঞ্জ ছয়, সাত সপ্তাহে ১৪টি ম্যাচ খেলা। আমি টেস্ট ম্যাচ খেলে অভ্যস্ত। টানা পাঁচদিন খেলাটা বড় বিষয় নয় কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আলাদা আলাদা দলের সঙ্গে খেলা এবং সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। শারীরিক পরিস্থিতির থেকে এটা অনেকবেশি মানসিক। হ্যাঁ তবে এটা নতুন কিছু নয়। আমরা এমনটা করে থাকি।”
আইপিএল-এ প্রথম অধিনায়কত্ব করার জন্য অবশ্য তিনি মুখিয়ে রয়েছেন। তবে তিনি ম্যাচের দিনগুলোতে ফোকাস করতে চান। এবং মেনে নিলেন তিঁর দৃএ এত বেশি ট্যালেন্ট রয়েছে রে প্রথম এগারো বেছে নেওয়াটাই কঠিন কিন্তু এই সমস্যাকে তিনি ভাল সমস্যা বলেই মনে করছেন। তিনি বলেন, “এটা একটা ভাল সমস্যা। এটি সেইগুলির মধ্যে একটি যেখানে আপনি ডাগআউটের দিকে তাকালে কিছু সত্যিকারের প্রতিভাবান খেলোয়াড়কে দেখতে পান যাদের আমরা চূড়ান্ত দলে ফিট করতে পারিনি। কিন্তু আমরা জানি, আমরা মূলত সব জায়গাকে কভার করেছি, টপ অর্ডার, মিডল অর্ডার, কিপার হিসেবে ক্লাসেন, স্পিন বোলার, দ্রুত বোলার। আমরা সত্যিই ভালভাবে দল তৈরি করেছি।”
এত কিছুর মধ্যেও তিনি স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব করা আর আইপিএলে অধিনায়কত্ব করা আলাদা। তিনি বলছিলেন, “অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব করাটা সহজ কারণ আমি সবাইকে অনেকদিন ধরে তিনি। কারও কারও সঙ্গে ১৫ বছর ধরে খেলছি। তাই সবাই সবটা জানে। স্বাভাবিক ছন্দেই হয়ে যায়। কিন্তু এখানে নতুনদের থেকে অনেক কিছু শেখার আছে। এই দুই দলের অধিনায়কত্ব করার মধ্যে এটাই বড় পার্থক্য।”
তবে হায়দরাবাদ দলে তেমন কোনও বড় ভারতীয় নাম না থাকাকে গুরুত্ব দিতে নারাজ তিনি। বরং যাঁরা রয়েছেন তাঁদের নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী তিনি। আর তাঁদের নিয়েই সাফল্যের স্বপ্ন দেখছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
