অলস্পোর্ট ডেস্ক: আইসিসি বোর্ডে ভোটাভুটির সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারতে টি২০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা। ক্রিকইনফোর খবর অনুযায়ী, এবার বাংলাদেশকে টি২০ বিশ্বকাপ থেকে বাতিল করে তার জায়গায় স্কটল্যান্ডকে খেলা সুযোগ করে দেওয়ায় পাকিস্তান আরও একধাপ এগিয়ে টি২০ বিশ্বকাপ ক্রিকেট বয়কট করার হুমকি দিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির বক্তব্য, পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে টি২০ বিশ্বকাপে খেলা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
ভারতে খেলতে না আসার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে টি২০ বিশ্বকাপ থেকে বাতিল করাকে আইসিসির দুমুখো নীতি বলে তুলে ধরেছেন মহসিন নাকভি। তাঁর সাফ কথা, বাংলাদেশের প্রতি অবিচার করা হয়েছে। অণ্যায়ভাবে বাংলাদেশের আবেদন না মেনে তাদের বিশ্বকাপে খেলার সুযোগ থেকে বঞ্চিত করেছে আইসিসি। বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ এখন নির্ভর করবে পাকিস্তান সরকার কী বলে, তারওপর। এইমুহূর্তে দেশে নেই আমাদের প্রধানমন্ত্রী। তিনি ফিরলে, তাঁর সঙ্গে কথা বলে চুড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা। পাকিস্তান সরকার যা বলবে, তাই আমরা মানব, আইসিসির কথা নয়।’
নাকভি ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, ‘ বাংলাদেশের সঙ্গে আইসিসি যে আচরণ করেছে, তা সমর্থনযোগ্য নয়। বাংলাদেশের টি২০ বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার যুক্তি মোটেই অগ্রাহ্য করার মত নয়। আইসিসি দু’দেশের সঙ্গে দু’রকম নীতি নিয়ে চলছে। ভারতের আচরণকে সমর্থন করছে একটা ইস্যুতে, আর সেই ব্যাপারে অন্যদের অর্থাৎ বাংলাদেশকে জোর করছে অন্যরকম ভাবতে। নিরাপত্তার প্রশ্নে ভারতে খেলতে না চেয়ে কোনও ভুল করেনি বাংলাদেশ। তাই মনে করি, বাংলাদেশ যে অবিচারের শিকার হয়েছে। বাংলাদেশের বিশ্বকাপে খেলা উচিত, তারা ক্রিকেটের একটা বড় অংশীদার।’
নকভি অবশ্য বলতে পারেননি, এখন হঠাৎ করে কেন পাকিস্তানের খেলতে সরকারি অনুমতি লাগবে। শুধু বারবার বলেছেন, পাকিস্তানের টি২০ বিশ্বকাপে খেলাটা তাঁদের বোর্ডে ওপর নির্ভর করছে না, এটা পুরোপুরি নির্ভর করবে পাকিস্তানের সরকারের সিদ্ধান্তের ওপর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
