Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় দলে ঢোকার ও টিঁকে থাকার প্রতিযোগিতা খুব তীব্র। কিন্তু ভারতীয় দলে বিভিন্ন ফরম্যাটে দল নির্বাচন ঘিরে যে কান্ডকারখানা ইদানিং চলছে, তাতে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ভক্তরা বেশ বিরক্ত। আর সেটা তাঁরা প্রকাশ করছেন বিভিন্ন মাধ্যমে। তাঁদেরই একজন রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত দুটো একদিনের আন্তর্জাতিক ম্যাচে পেসার আরশদীপকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি।

মূলত তিনি নাম না করেও ঘুরিয়ে আঙুল তুলেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের দিকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে আরশদীপকে না রাখাটা একেবারেই ঠিক হয়নি বলে মনে করেন অশ্বিন। মনে করেন, বাঁহাতি এই পেসারের ভারতীয় দলে থাকাটা অপরিহার্য। যদিও আরশদীপকে সিরিজের ফাইনাল ম্যাচে খেলানো হবে বলেই শোনা যাচ্ছে, তবু কেন প্রথম দুটি ম্যাচে তাঁকে খেলানো হল না , তা নিয়ে প্রশ্ন তুলেছেন অশ্বিন।

ভারতীয় টিম ম্যানেজমেন্টের সাফাই, আরশদীপ অভিজ্ঞ ক্রিকেটার। তাই তাঁকে নতুন করে দেখারল কিছু নেই। বরং হরষিত রাণা ও প্রসিধ কৃষ্ণাকে বেশি করে সুযোগ দেওয়া দরকার, ওদের দেখে নিতে ও ম্যাচ প্র‌্যাকটিস দিতে। অশ্বিন এই যুক্তি মানছেন না। তাঁর মতে, ‘‌ লড়াইটা বোলারদের মধ্যে। দক্ষিণ আফ্রিকা সফরে হিট দ্য ডেক বোলার দরকার ছিল। হরষিত রাণা ও প্রসিধ কৃষ্ণার অভিজ্ঞতা অর্জনের বিষয়টা মাথায় রেখেই বলছি, আরশদীপকে বসিয়ে রাখাটা ঠিক নয়। রিজার্ভ বেঞ্চে বসে থেকে আরশদীপ নিজের বোলিং দক্ষতার ধার খোয়াতে পারে। তখন কিন্তু উল্টো ফল হবে। আমরা একজন ভাল বোলারকে হারাব।’‌

অশ্বিনের সঙ্গেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট এমন আচরণ বারবার করেছেন। যোগ্যতা থাকতেও তাঁকে দিনের পর দিন বসিয়ে রাখার অণ্যায় কাজ করেছেন। সেটা মাথায় রেখেই অশ্বিনের প্রতিক্রিয়া, ‘‌ আরশদীপের মনের ওপর অনর্থক চাপ তৈরি করা হচ্ছে। ও কী ভাবছে নিজের ব্যাপারে?‌ এখনও ওকে নিজের জায়গা পাকা করতে লড়তে হবে নাকি?‌ এরপর ও যখন খেলবে, তখন ওর বোলিংয়ে ছন্দপতন ঘটলে অবাক হব না। ক্রিকেট খেলায় ভাল পারফরমেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের একটা যোগ আছে। বোলারদের সঙ্গেই এই আচরণটা কেন করা হয়?‌ ব্যাটারদের ক্ষেত্রে এমন তো হয় না।’‌

অনেকের মতে, আরশদীপকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে বেঞ্চে বসানো হয়েছে, ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের আগে তাঁকে বাড়তি ধকলের হাত থেকে বাঁচাতে। যাঁরা একথা বলছেন, তাঁদের এটা নিশ্চয়ই জানা আছে, টি২০ ফরম্যাটেও ভারতীয় দলে আরশদীপের জায়গা পাকা নয় গৌতম গম্ভীরের জমানায়। অশ্বিন বলেন, ‘‌ আমার সঙ্গেও এমন ঘটেছে। আমি ভুক্তভোগী, তাই ব্যথাটা বুঝি। জানি এটা কতটা আঘাত করে একজন খেলোয়াড়কে। আর এই কারণে আরশদীপের হয়ে লড়ছি। লোকে বলছে, আরশদীপ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ক্রিকেট ম্যাচে খেলবে। কেন ওর কি প্রথম দুটো ম্যাচে খেলার মতো যোগ্যতা ছিল না। যখনই আরশদীপের হাতে বল তুলে দেওয়া হয়েছে, ও তার প্রতিদান দিয়েছে উইকেট তুলে নিয়ে, প্রতিপক্ষ ব্যাটারদের মোক্ষম সময়ে বেঁধে রেখে। তাই আরশদীপের প্রথম দলে মাথা উঁচু করে খেলার সুযোগ করে দেওয়া উচিত।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *