Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৪-এর এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে চার উইকেটে হেরে এবারের মতো আইপিএল শেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএল ২০২৪-এর শুরু থেকেই দাপট দেখাচ্ছিল রাজস্থান রয়্যালস। দীর্ঘ সময় লিগ টেবলের শীর্ষস্থান ধরে রেখেছিল। কিন্তু শেষের দিকে এসে বেশ কয়েকটি ম্যাচ হেরে পিছিয়ে পড়তে হয় সঞ্জু স্যামসনের দলকে। বৃষ্টিতেও ভেস্তে যায় ম্যাচ। যার ফলে সেরা দু’য়ে শেষ করা সম্ভব হয়নি। যার ফলে খেলতে হল এলিমিনেটর। কিন্তু সেখানে টানটান উত্তেজনার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে  দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেল রাজস্থান। প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে আর এক দল সানরাইজার্স হায়দরাবাদকেও খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এই ম্যাচে জিতেই ফাইনালে কলকাতার বিরুদ্ধে নামতে হবে রাজস্থান অথবা হায়দরাবাদকে।

তার আগে বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বেঙ্গালুরুর থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে বার্তা দিয়ে রাখল রাজস্থান। এদিন টস জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে‌ ১৭২-৮-এ থামে বেঙ্গালুরু। এদিন শুরুতে বড় রানের ইঙ্গিত দিলেও আগেই থামতে হয় বিরাট কোহলিকে। ২৪ বলে ৩৩ রান করে আউট হন তিনি। এছাড়া ফাফ দু প্লেসি ১৭, ক্যামেরন গ্রিন ২৭, রজত পাতিদার ৩৪, গ্লেন ম্যাক্সওয়েল ০, মহিপাল লোমর ৩২, দীনেশ কার্তিক ১১, কর্ণ শর্মা ৫ রান করে আউট হন। ৯ রান করে অপরাজিত থাকেন স্বপ্নিল সিং।

রাজস্থানের হয়ে এদিন বল হাতে সকলেই উইকেট তুলে নেন। তার মধ্যে সব থেকে সফল বোলার আভেশ খান। তিন উইকেট নেন তিনি। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়ে দলকে সবল থেকে বড় সাফল্য এনে দেন রবিচন্দ্রন অশ্বিন।  এছাড়া একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট। সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।

১৭৩ রানের লক্ষ্যে শুরুটা ভালই করে দিয়েছিল রাজস্থান। দুই ওপেনার যশস্বীই জয়সওয়াল ৩০ বলে ৪৫ রান করে ভিতটা শক্ত করে দিয়েছিলেন। আর এক ওপেনার টম কোহলার ২০ রান করে জয়সওয়ালকে কিছুটা সময় সঙ্গ দেন। এর পর অধিনায়ক সঞ্জ স্যামসন ১৭ রানে আউট হওয়ার পর দলের ব্যাটিংয়ের দায়িত্ব তুলে নেন রিয়ান পরাগ। পুরো মরসুমেই নিজের প্রতিভার প্রমান দিয়েছেন তিনি। এদিন তাঁর ২৬ বলে ৩৬ রানের ইনিংস যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এছালা ধ্রুব জুড়েল ৮, শিমরন হেটমেয়ার ২৬, শেষ মুহূর্তে যাঁর ঝোড়ো ইনিংস দলকে জয় এনে দিতে সাহায্য করে। বাকিটা করে দেন রোভমান পাওয়েল। ১৬ রানে অপরাজিত থাকেন তিনি।

বেঙ্গালুরুর হয়ে দুই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে সাময়িক একটা ধাক্কা দিয়েছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু বাকিরা হতাশ করলেন। লকি ফার্গুসন, কর্ণ শর্মা ও ক্যামেরন গ্রিন একটি করেই উইকেট পেলেন। যার ফলে ১৯ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৪ রান তুলে নেয় রাজস্থান। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানের চ্যালেঞ্জ হায়দরবাদের বিরুদ্ধে। বেঙ্গালুরুর জন্য আইপিএল ট্রফি জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল।   

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *