Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্কঃ ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সম্মিলিত ভাবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে থেকে সেরা টেস্ট একাদশকে বেছে নিয়েছেন। আইসিসি রিভিউয়ের একটি পর্বে হোস্ট সঞ্জনা গণেশনকে দেওয়া সাক্ষাৎকারে রবি শাস্ত্রী স্বীকার করেছেন যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্টদের থেকে খেলোয়াড়দের বেছে নেওয়া কঠিন ছিল।

ওপেনার হিসেবে রোহিত শর্মার নাম দিয়ে শুরু করেন রবি শাস্ত্রী। ৬০ বছরের প্রাক্তন কোচ দাবি করেছেন যে, প্যাট কামিন্স অধিনায়ক হিসেবে নিঃসন্দেহে একটি লোভনীয় পছন্দ। কিন্তু রোহিতের অভিজ্ঞতা আরও অনেক বেশি। তিনি বলেছেন, ‘আমি রোহিতকে অধিনায়ক করব। কারণ ও প্যাটের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। ও দীর্ঘ দিন ধরে দলের অধিনায়কত্ব করছে। স্টিভ স্মিথ যদি অস্ট্রেলিয়ার অধিনায়ক হত, তা হলে হয়তো এটি অন্যরকম গল্প হত। কিন্তু যেহেতু এটি প্যাট কামিন্স এবং রোহিত শর্মা, তাই রোহিতকেই এগিয়ে রাখব। এ ছাড়াও একজন অধিনায়ক হিসেবে একাদশে নিশ্চিত হবে সেই প্লেয়ার। তাই ও ব্যাটিং ওপেন করবে।’

রবি শাস্ত্রী এও বলেছেন যে, শুভমন গিল এবং উসমান খোয়াজার মধ্যে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী বেছে নেওয়া কঠিন ছিল। কিন্তু গত দুই বছরে খোয়াজার দুরন্ত পারফরম্যান্সের জন্য তাঁকে দ্বিতীয় ওপেনার হিসেবে লে রেখেছেন রবি শাস্ত্রী। তিনি ব্যাখ্যা করেছেন, ‘উসমান খোয়াজা এবং শুভমন গিলের মধ্যে কাকে দ্বিতীয় ওপেনার হিসেবে রাখা হবে, সেটা বেছে নেওয়া কঠিন ছিল। শুভমান উদীয়মান তরুণ তারকা এবং ও একজন দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু উসমান খোয়াজা, শুধু বর্তমান ফর্মই নয়, গত কয়েক বছরে ও যে রান করেছে, আমি মনে করি ওকেই দ্বিতীয় ওপেনার হিসেবে রাখা উচিত।’

প্রাক্তন ক্রিকেটার মার্নাস ল্যাবুশেন, বিরাট কোহলি এবং স্টিভ স্মিথকে ব্যাটিং অর্ডারের পরবর্তী তিনটি পজিশনে রেখেছেন রবি শাস্ত্রী। তাঁর যুক্তি, ‘টেস্ট ক্রিকেটে মার্নাসের অসামান্য পারফরম্যান্স। তাই তাঁকে তিন নম্বরে রাখতেই হবে। তাঁর গড় ৬০-এর কাছাকাছি। বছরের পর বছর ধরে কোহলির যা পারফরম্যান্স, তার জন্য তাঁকে চারে রাখব। এবং স্মিথ পাঁচে নামবে।’

ছয় নম্বরে রবি শাস্ত্রী বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজাকে বেছে নিয়েছেন। বলেছেন, ‘৬ নম্বরে আমি জাদেজাকে রাখব। কারণ আমি বিশ্বাস করি, ও বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন।’ প্রাক্তন টিম ইন্ডিয়ার কোচ রবিচন্দ্রন অশ্বিনের থেকে নাথান লিয়নকে দ্বিতীয় স্পিনার হিসেবে এগিয়ে রেখেছেন। এ ক্ষেত্রে রবি শাস্ত্রীর দাবি, ‘আমি নাথান লিয়নকে অশ্বিনের চেয়ে এগিয়ে রাখব। কারণটা হল নাথানের বিদেশে রেকর্ড। শুধু অস্ট্রেলিয়ায় নয়, অস্ট্রেলিয়ার বাইরে ওর রেকর্ড ভালো। তাই লিয়ন দ্বিতীয় স্পিনার হিসাবে জাদেজার সঙ্গে থাকবেন।’ অস্ট্রেলিয়ার সেরা অফ-স্পিনার লিয়ন এই বছরের শুরুতে ভারতে চার টেস্টের সিরিজে তাদের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।

প্যাট কামিন্স এবং মহম্মদ শামি তার প্রথম পছন্দের বাছাই। তিনি বলেছেন, ‘আমার জন্য কামিন্স, অবশ্যই একজন প্রথম পছন্দের পেসার হবে। এবং মহম্মদ শামিকে এই আইপিএলে যতটা দেখছি, ও আরও উন্নতি করেছে। এবং শক্তিশালী হবে।’

এর পর মিচেল স্টার্ককে বেছে নেওয়ার পিছনে রবি শাস্ত্রী যুক্তি দিয়ে বলেছেন, ‘হ্যাজেলউড, স্টার্ক এবং ক্যামেরন গ্রিনও রয়েছে। তবে আমি জাদেজাকে পছন্দ করেছি, কারণ দুই স্পিনার, তিনজন ফাস্ট বোলার নিয়ে খেললে ভাল ভারসাম্য হবে দলে এবং আমি বাঁহাতি স্টার্ককেও বেছে নেব (পরিপূরক হিসাবে) গতি এবং বৈচিত্র্যের কারণে।’

রবি শাস্ত্রীর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, রবীন্দ্র জাদেজা, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, মহম্মদ শামি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *