Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী: দুপুরেই কলকাতায় পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও দলের সঙ্গে কলকাতায় পৌঁছলেন না বিরাট কোহলি। বেঙ্গালুরু থেকে মুম্বই হয়ে কলকাতায় পৌঁছলেন তিনি, দল পৌঁছনোর কিছুক্ষণ পরেই। দুপুরে পৌঁছে আর অনুশীলনে নামল না বেঙ্গালুরু দল। তবে শহরে পা রেখেই মাঠে পৌঁছে গেলেন আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ।

ততক্ষণে ইডেন গার্ডেন্সের মাঠে অনুশীলনে নেমে পড়েছে টিম কেকেআর। শুক্রবার দুপুরে কলকাতার তাপমাত্রা একটা সময় পৌঁছেছিল ৪১ ডিগ্ৰিতে। তারমধ্যেই দুপুরের কড়া রোদে গা ঘামাতে নেমে পড়লেন শ্রেয়াস অ্যান্ড টিম। শেষ ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছে। বিরাটদের বিরুদ্ধে তাই জয়ে ফেরার লড়াই।

অন্যদিকে টানা পাঁচ ম্যাচে জয় নেই বিরাটদের। তাই কলকাতার ঘামে ভেজা গরমেই ঘুরে দাঁড়ানোর অঙ্ক কষছে আরসিবি। আর হয়তো সে কারণেই একদিন আগে ইডেনের পিচ মেপে গেলেন ফ্লাওয়ার। বেশ অনেকটা সময় কাটালেন পিচে। তার পর দীর্ঘ সময় কাটালেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলে। মাঝে মাঝে কথা বলে গেলেন কেকেআর প্লেয়াররাও। ঘণ্টা খানেক পর মাঠ ছাড়লেন তিনি।

আগের ম্যাচে রান পাননি কেকেআর ওপেনার ফিল সল্ট। তাই হয়তো এদিন অনুশীলনের পুরো সময়টাই কাজে লাগালেন তিনি। টানা ব্যাট করে গেলেন নেটে। সবার শেষে মাঠ ছাড়লেন অঙ্গকৃশ রঘুবংশীকে সঙ্গে নিয়ে। অন্যদিকে গত ম্যাচে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েও দলকে জয় এনে দিতে পারেননি সুনীল নারিন। এদিন শুরুতে বোলিং অনুশীলনে মন দিলেও পরে ব্যাটিংও করলেন। এর মধ্যেই এখনও সংশয় থেকে গেল নীতিশ রানার প্রত্যাবর্তণ নিয়ে। মাঠে পুরো সময় থাকলেও সেভাবে অনুশীলন করতে দেখা গেল না। বরং ব্যাট নিয়ে শ্যাডো করলেন বিভিন্ন সময়ে। তাঁর খেলা নিয়ে দলের তরফেও কিছু নিশ্চিত করে জানানো হয়নি। তার মধ্যে অফ ফর্ম চলছে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের। সব মিলে কেকেআর-এর ভারতীয় ব্যাটাররা এখনও তেমনভাবে ভরসা দিতে পারেননি। তাকিয়ে থাকতে হচ্ছে বিদেশিদের দিকেই।

অঙ্গকৃশ সাময়িক আশা জাগাচ্ছেন ঠিকই কিন্তু তাঁর অনভিজ্ঞতা বাধা হচ্ছে বড় রানের। তবে ব্যাটিং যেমনই হোক দলগত রান লড়াই করার মতো জায়গায় পৌঁছলেও বোলিং ডিপার্টমেন্ট সেটা ধরে রাখতে ব্যর্থ। গত ম্যাচে ২২৩ রান টপকে জিতে গিয়েছিল রাজস্থান। ঘরের চেনা পিচে কলকাতার বোলিংকে আরও একটু ঘষা-মাজার প্রয়োজন নিশ্চই অনুভব করছেন গম্ভীররা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *