অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) সাত উইকেটে জিতে শুরু করেছিল। বিরাট কোহলিকে নিয়ে সাধারণ ক্রিকেট ভক্তদের উত্তেজনা যে একটুও কমেনি তা আইপিএল শুরুর সঙ্গেই প্রমাণ হয়ে গিয়েছে। তাঁর নতুন ওপেনিং পার্টনার ফিল সল্টও তাঁর আরসিবি অভিষেকে ভাল পারফর্ম্যান্স দেখিয়েছিলেন, তাও তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে। তবে, কোহলি এবং সল্ট এই মরসুমে এখনও পর্যন্ত তাদের সবচেয়ে বড় পরীক্ষার জন্য অপেক্ষা করছেন কারণ শুক্রবার আরসিবি দক্ষিণী প্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর বিরুদ্ধে খেলবে।
আইপিএল ২০২৫-এ ছয় দিনের বিরতি উপভোগ করার পর আরসিবির খেলোয়াড়রা রীতিমতো তরতাজা হয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। দলটি এই সপ্তাহের শুরুতে চেন্নাইতে পৌঁছেছে এবং ম্যাচের আগে খেলোয়াড়রা নেটে ঘাম ঝরাচ্ছেন। ধোনির মাটিতে বিরাট ভক্তও যে কম নেই তা আরো একবার প্রমাণ হয়েছে।
বুধবার, আরসিবি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে যেখানে কোহলি এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে ভক্তদের আবদার মেটাচ্ছেন। কাউকে অটোগ্রাফ দিচ্ছেন, কেউ আবার সুযোগ পাচ্ছেন তাঁর সঙ্গে সেলফি তোলার। হাসি মুখে সবার ইচ্ছেকে মূল্য দিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
যদিও বেশিরভাগ ভক্ত সিএসকে-র জার্সি পরেছিলেন, কোহলি তাদের অনুরোধ মেনে নেন। সিএসকে-র জার্সিতেই অটোগ্রাফ দেন তিনি। ভিডিওটির শেষে, একজন সিএসকে ভক্ত শুক্রবারের খেলার জন্য কোহলিকে শুভকামনাও জানিয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
