অলস্পোর্ট ডেস্ক: পুরো এশিয়া কাপে রিঙ্কু সিং একটিই বল খেলার সুযোগ পেয়েছেন আর সেটাই লেখা হয়ে গিয়েছে ইতিহাসে। হার্দিক পাণ্ড্যে চোটের জন্য না থাকায় রিঙ্কুকে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে দলে রাখা হয়েছিল। ফিল্ডিংয়ে নিজের সেরাটা দিলেও ব্যাট করার সুযোগ আসবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল কারণ পুরো এশিয়া কাপে ভারতের টপ অর্ডার রীতিমতো দাপট দেখিয়েছে। তবে ভাগ্যে যদি লেখা থাকে উইনিং রান তাহলে তা কে খন্ডাবে। এই ম্যাচে ফ্লপ করল ভারতের টপ অর্ডার। সময়ের নিয়মে ব্যাট করতেও নামলেন রিঙ্কু কিন্তু তখন ম্যাচ পুরো ৫০-৫০ পর্যায়ে রয়েছে। একা তিলক ভর্মা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাঝে সঞ্জু স্যামসন ও শিভম দুবে অনেকটা সাহায্য করেছেন ঠিকই তবে তখনও জয় নিশ্চিত হয়নি। এমন সময় মাঠে নামেন রিঙ্কু। তাঁর ইচ্ছা পূরণের জন্য দরকার ছিল মাত্র একটি বল। যখন তিনি স্ট্রাইক পেলেন তখন ভারতের তিন বলে দরকার ১ রান। তাঁর প্রথম বলেই মিড-অনের উপর একটি শট চলে গেল বাউন্ডারিতে, ভারত তাদের নবম এশিয়া কাপ এবং সংক্ষিপ্ততম ফর্ম্যাটে দ্বিতীয় শিরোপা জিতল। আর রিঙ্কু নিজেকে দেওয়া কথাই রাখলেন, যা তিনি এশিয়া কাপ শুরুর আগেই দিয়েছিলেন।
“অন্য কিছু গুরুত্বপূর্ণ নয়। এই একটি বলই গুরুত্বপূর্ণ। এটি প্রয়োজন ছিল। আমি চার মেরেছি। সবাই জানে আমি একজন ফিনিশার। দল জিতেছে এবং আমি সত্যিই খুশি,” উইনিং রান নেওয়া রিঙ্কু বলেন। তখনও রীতিমতো কাঁপছিলেন উচ্ছ্বাসে। এশিয়া কাপ শুরুর আগে ব্রডকাস্টাররা ভারতীয় দলের ক্রিকেটারদের কাছে একটা প্রশ্ন রেখেছিলেন, আর সেটা হল, ‘‘এশিয়া কাপে তাঁরা কী করতে চান?’’ তার জবাবে রিঙ্কু বলেছিলেন, ‘‘আমি ফাইনালে উইনিং রান নিতে চাই।’’ কাকতালীয় হলে এটাই সত্যি সেদিন যেটা তিনি কথা দিয়েছিলেন, এদিন সেটাই হল এশিয়া কাপ ফাইনালে মাঠে।
শুধু রিঙ্কু নন একইরকমভাবে নিজেদের জন্য মেনিফেস্ট করেছিলেন অন্যান্য ভারতীয় প্লেয়াররাও। এবং সেটা লেখা রয়েছে ব্রডকাস্টারদের কাছে। যেকানে তিলক ভর্মা এই একই প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘‘আমি ফাইনালে বড় রান করে ভারতকে জেতাতে চাই।’’ তখন ফাইনালে ম্যাচ উইনিং ইনিংস খেলতে চেয়েছিলেন তিনি যখন এশিয়া কাপ শুরুই হয়নি, তবুও তিলক ভর্মা ফাইনালেই বড় রান করে দলকে জেতাতে চেয়েছিলেন। এদিন সেটাও মিলে গেল। তিলক ভর্মার দুরন্ত ব্যাটিংয়েই জয় পেল ভারত। পুরো দল ম্যানিফেস্ট করেছিল। তার মধ্যে আর এক জন অভিষেক শর্মা।
তিনি পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকলেও ফাইনালে ব্যাট হাতে রান পাননি। তিনি তেমনটা প্রতিজ্ঞাও করেননি এশইয়া কাপ শুরুর আগে। তিনি বলেছিলেন, ‘‘অল উইন রেকর্ড নিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে চাই।’’ ভারত অলউইন রেকর্ড নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে। পুরো টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি ভারত। এভাবেই ভারতীয় দলের ক্রিকেটারদের এশিয়া কাপ নিয়ে সব ইচ্ছে পূরণ হয়েছে। তবে রিঙ্কু ও তিলকের ইচ্ছেটা যেভাবে কাকতালীয় ভাবে মিলে গেল তা নিয়ে মজা করে রবি শাস্ত্রী বলছিলেন, ভারতে জ্যোতিষের যে একটা বড় জায়গা রয়েছে এটা তারই প্রমান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
