অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মা শনিবার বেঙ্গালুরুতে সেটার অফ এক্সলেন্সে বাধ্যতামূলক প্রাক মরশুম ফিটনেস দিতে হাজির হলেও, আর এক তারকা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ফিটনেস টেস্ট ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
ফিটনেসের মধ্যে পড়ে ইয়ো ইয়ো টেস্ট, ডেস্কা ক্যানের মাধ্যমে হাড়ের ঘনত্ব মাপা ও কিছু রক্ত পরীক্ষা। এই পরীক্ষাগুলি নতুন মরশুমের আগে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের দিতেই হয়। মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণার পর রোহিত শর্মাকে এই ফিটনেস টেস্ট দিতে হচ্ছে। এর ভিত্তিতেই বোঝা যাবে ৩৮ বছর বয়সী রোহিত কতটা ফিট আছেন ৫০ ওভারের ফরম্যাটে খেলার জন্য।
রোহিত যখন এই টেস্ট দিতে তৈরি, তখন রোহিতের মতো টেস্ট ও টি২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ানো বিরাট কোহলির এই টেস্ট দিতে আসা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ এখনও তিনি কিছু জানাননি। কোহলি বর্তমানে তাঁর পরিবারের সঙ্গে লন্ডনে সময় কাটাচ্ছেন। ৩৬ বছর বয়সী ব্যাটারের সেপ্টেম্বরে ভারতে ফেরার কথা অস্ট্রেলিয়া সফরের সিরিজের আগে। রোহিত ও কোহলি দু’জনেই ভারতীয় ক্রিকেট দলের ২০২৭ একদিনেপর বিশ্বকাপের পরিকল্পনায় আছেন। কিন্তু একিসঙ্গে ফিটনেস টেস্ট পরীক্ষা দেওয়াটা দু’জনের ক্ষেত্রেই বাধ্যতামূলক।
ইতিমধ্যেই বেশ কয়েকজন ক্রিকেটার এই ফিটনেস টেস্ট উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে আছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, স্পিনার কুলদীপ যাদব। রোহিত এর মাঝে ভক্তদের আশ্বস্ত করতে জিমে অনুশীলন করার ছবি সোসাল মিডিয়ায় পোস্ট করেছেন। শনিবার রোহিতের সঙ্গে ফিটনেস টেস্ট অংশ নেবেন টেস্ট অধিনায়ক শুভমান গিল, ফাস্ট বোলার যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, ওপেনার যশশ্বী জয়সয়াল, ও সিমার শার্দুল ঠাকুর। ইংল্যান্ড সিরিজের পর সাময়িক ব্রেকে ক্রিকেটারদের ফিট রাখতে যে নির্দেশ দিয়েছিলেন টিমের কোচিং স্টাফ ও ফিটনেস ট্রেণাররা, তা কতটা মেনেছেন, সেটা বোঝা যাবে এখন। লম্বা সিরিজে ক্রিকেটাররা কতটা নিজেদের চোটমুক্ত রাখতে পারবেন, সেটা জানা জরুরি।
অস্ট্রেলিয়ায় অক্টোবরে অনুষ্ঠেয় একদিনের ক্রিকেট সিরিজটা ভারতীয় ক্রিকেটারদের কাছে বেশ চ্যালেঞ্জিং। এখানে একটা আভাস মিলবে, রোহিত বা কোহলির মতো ক্রিকেটাররা ২০২৭ একদিনের বিশ্বকাপ ক্রিকেটের জন্য নিজেদের ফর্ম ও ফিটনেস ধরে রাখতে পারবেন কিনা। আপাতত ইয়ো ইয়ো টেস্ট, হাড়ের ঘনত্ব, রক্ত পরীক্ষায় এটা সীমাবদ্ধ থাকলেও, ভারতীয় ক্রিকেট দলের ফিটনেস কোচ আদ্রিয়ান লে রক্স আবার রাগবি অনুপ্রাণিত ব্রঙ্কো টেস্টের সুপারিশ করেছেন। বিসিআইআই মরশুমের পরের দিকে সেটা চালু করতে পারে। তবে মনোজ তেওয়ারির মতো ক্রিকেটার ইতিমধ্যেই ব্রঙ্কো টেস্টের সমালোচনায় সরচ হয়েছেন। বলেছেন, এসব টেস্টের অর্থ হল রোহিতের মতো ক্রিকেটারদের ওপর চাপ তৈরি করে একদিনের ক্রিকেট থেকেও সরে যেতে বাধ্য করা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
