অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ড ক্রিকেট দল টেস্ট ক্রিকেটে নতুন বিপ্লব ঘটিয়েছে। রীতিমতো নতুন খেলার পদ্ধতি আবিষ্কার করেছে তারা। অ্যাসেজ ২০২৩-কে সাম্প্রতিক সময়ে খেলা সবচেয়ে থ্রিলিং ক্রিকেটিং সিরিজগুলির মধ্যে একটি বলে অভিহিত করা হয়েছে। ‘বাজবল’ খেলার যে পদ্ধতি ইংল্যান্ড দল গ্রহণ করেছে, তা বাকি দলগুলোরও অনুসরণ করা উচিত বলে মনে করছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক কপিল দেব। রোহিত শর্মাদেরও একই পদ্ধতিতে খেলা উচিত বলে দাবি করেন তিনি।
এদিন একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে কপিল দেব জানান যে, তিনি ইংল্যান্ডের বাজবলের ভক্ত হয়ে গিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজে ইংল্যান্ড ০-২ তে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল। এই লড়াইটাই তিনি দেখতে চান ভারতীয় দলের মধ্যেও। তিনি বলেন, ‘‘বাজবল চমৎকার। সাম্প্রতিক সময়ে আমার দেখা সেরা সিরিজগুলোর একটি হল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যের এই বছরের অ্যাসেজ। আমি মনে করি ক্রিকেট ওইভাবেই খেলা উচিত। রোহিত ভাল। তবে ওঁকে আরও আগ্রাসী হতে হবে।’’
‘‘সকল ক্রিকেট দলের ইংল্যান্ডের খেলা দেখা উচিত। ওরা কীভাবে খেলছে তা থেকে সবার শেখা উচিত। এবং এটি শুধু আমাদের দল নয়, সব দেশকেই বলছি এইভাবে খেলতে হবে। খেলা জেতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত (ড্রয়ের জন্য খেলাকে নয়),’’ তিনি জোর দিয়ে বলেন।
কপিল যখনই ক্রিকেট নিয়ে আলোচনায় আসেন তখন তাঁর কথাগুলিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন প্রকৃতপক্ষে, ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে তাঁর ব্যাটিং পদ্ধতিতে আরও আক্রমণাত্মক হওয়া দরকার।
এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ খুব বেশি দূরে নয়। ভারতীয় দলের খেলার পদ্ধতি এবং দলের গঠন এখন ভক্ত এবং বিশেষজ্ঞদের মধ্যে তীব্র বিতর্কের বিষয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় দলের টি২০ সিরিজে হার, ভারতীয় দলের চোখ খুলে দিয়েছে বলে মনে করছেন অনেকেই। তবে পরবর্তী আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতীয় দল কতটা তৈরি তা এখনও পর্যন্ত বলা সহজ নয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
