Cart Total Items (0)

Cart

All Sports
রোহিত শর্মা

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গিয়েছে ভারত। এই হারের কারণ হিসেবে অনেকেই দায়ী করছেন দলের পরিবর্তনকে। শুক্রবার দলে ছিলেন না বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্যে, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজের মত অভিজ্ঞ প্লেয়াররা। তাঁদের দলে না থাকা নিয়ে উঠছে অনেক প্রশ্ন। দলের এই পরিবর্তনের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে সে কথা জানালেন অধিনায়ক রোহিত শর্মা।

এশিয়া কাপের ফাইনালে আগেই চলে গিয়েছে ভারত। রবিবার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন তাঁরা। শুক্রবারের ম্যাচ ছিল অপ্রয়োজনীয়। তাই এই দিন বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাটদের এমনটাই জানিয়েছেন রোহিত। অন্যদিকে এদিনের ম্যাচে আন্তর্জাতিক ওয়ান ডে-তে অভিষেক করলেন তরুণ খেলোয়াড় তিলক ভার্মা। দলে আগেই জায়গা করে নিয়েছিলেন মহম্মদ শামি, প্রসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, এবং সূর্যকুমার যাদব। ‌

বিরাটদের দলে না থাকার সপক্ষে রোহিত বলেন, ‘‘আমরা খেলোয়াড়দের কিছুটা সময় দিলাম, এর পিছনে অনেক বড় একটা কারণ রয়েছে। এই ম্যাচটা আমরা অন্যভাবে খেলতে চেয়েছিলাম এর জন্য কোনও আফসোস নেই। বিশ্বকাপে খেলানো হবে এমন কিছু প্লেয়ারকে দেখে নেওয়া হয়েছে।’’

এদিনের ম্যাচে শুবমান গিল এবং অক্ষর প্যাটেলের ব্যাটিং পারফর্ম্যান্সের প্রশংসা করেছেন রোহিত। ‘‘অক্ষর খুব ভাল ব্যাটিং করেছে, কিন্তু ফিনিশ করতে পারেননি। ম্যাচ জেতার পুরো কৃতিত্ব বাংলাদেশের বোলারদের। গিলের শতরান দুর্দান্ত ছিল। আবারও ফর্মে ফিরেছে সে এবং গিল জানে যে সে ঠিক কিভাবে খেলতে চায়। দলের জন্য কিভাবে খেলতে হবে সেটা তাঁর কাছে পরিস্কার। গত বছরে তাঁর পারফর্ম্যান্স দেখুন, নতুন বলে কী অসাধারণ খেলেছিল। খুবই কঠোর অনুশীলন করে গিল, বলেন রোহিত।’’

এদিনের ম্যাচে গিলের ১২১ রান এবং অক্ষর প্যাটেলের অসাধারণ ৪২ রানও দলকে জেতাতে ব্যর্থ হয়। এদিন এশিয়া কাপের ফাইনালিস্ট ভারতকে হারিয়ে এই টুর্নামেন্টে নিজেদের সফর শেষ করে বাংলাদেশ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *