ত্রিনিদাদের বৃষ্টিতে রোহিত দল
অলস্পোর্ট ডেস্ক: সোমবার টেস্টের পঞ্চম দিন বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ-এর। ফলে ম্যাচ ড্র ঘোষণা করে দেওয়া হয়। প্রথম টেস্ট জিতে আগেই ১-০-তে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয় টেস্টেও জেতার মতো জায়গায় ছিল ভারতীয় ক্রিকেট দল। টেস্টের শেষ দিন ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে করতে হত ২৮৯ রান। অন্যদিকে আটটি উইকেট নিয়ে নিতে পারলেই সিরিজ হয়ে যেত ভারতের নামে। কিন্তু সারাদিন ধরে বৃষ্টির কারণে একটি বলও গড়ায়নি মাঠে। জেতা ম্যাচ বৃষ্টির জন্য ড্র করে স্বাভাবিকভাবেই হতাশ ভারতীয় ক্রিকেট দল।
ম্যাচ ড্র হওয়ায় হতাশ রোহিত শর্মা লেখেন, ‘‘এটা মুম্বই না ত্রিনিদাদ।’’ বৃষ্টির কারণে তিনি নিজের শহর মুম্বইয়ের সঙ্গে তুলনা করছেন ত্রিনিদাদকে। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয় টেস্টেও ভাল রানের সঙ্গেই শুরু করেছিল রোহিতরা। ঠিকমত খেলা হলে এই ম্যাচে ভারতের জেতারই সুযোগ ছিল। ম্যাচের ফলাফলে তাই হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা।
২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ়ে প্রথম টেস্ট জিতে পুরো ১২ পয়েন্ট পেয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় দু’দলই ৪ পয়েন্ট করে পেল। ফলে ভারতের পয়েন্ট হল ১৬। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট ৪।
শুধু পঞ্চম দিনেই নয়, শেষ তিন দিন ধরে বৃষ্টির জন্য খেলা অল্প বিস্তর ধাক্কা খেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টিই বড় ধাক্কা দিল ভারতীয় ক্রিকেট দলকে।
ম্যাচের পর রোহিত শর্মা বলেছিলেন, ‘‘প্রত্যেক জয়ের অনা রকমের স্বাদ থাকে। ওয়েস্ট ইন্ডিজে খেলতে আসা এক অন্য ধরনের চ্যালেঞ্জ ছিল। যা ফল হয়েছে তাতে খুশি থাকতে হবে। আমরা খুব ভাল ফর্মে খেলা শুরু করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আজ আমরা খেলতেই পারলাম না। গত কাল আমরা ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। খুব ইতিবাচক ছিলাম আমরা সবাই। আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম। শেষে ব্যাট করা কঠিন। কিন্তু শেষ কথা বৃষ্টি বলল। কোনও খেলা না হওয়ায় আমাদের দলের জন্য ভাল হল না।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
