অলস্পোর্ট ডেস্ক: আইসিসি টি২০ বিশ্বকাপে পরপর দু’ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভারতীয় শিবির। রবিবার তাদের সামনে পাকিস্তান। কলম্বোর মাঠে অনুষ্ঠেয় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আগে ভারতীয় দলকে সতর্ক করেছেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সাফ কথা, যতই ভারতীয় দল ছন্দে থাকুক, প্রতিপক্ষ পাকিস্তানকে কিছুতেই হাল্কাভাবে নেওয়া যাবে না।
আসলে পাকিস্তান এই ম্যাচ খেলা নিয়ে এমনিতেই জলঘোলা করেছিল। ম্যাচ বয়কটের কথাও বলেছিল। শেষপর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচটা খেলছে। স্বাভাবিকভাবেই ভারতের মুখোমুখি হলে মাঠে তার একটা বাড়তি টেনশন থাকবেই। এর আগে এশিয়া কাপে তিনবার বার গায়ে লেগে আছে পকিস্তানের। তারওপর পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো দু’দলের মধ্যে তিক্ততা আরও বাড়িয়েছে। ফলে পাকিস্তান ক্রিকেটাররা একটা মোক্ষম জবাব দিতে চাইবে রবিবারের ম্যাচে এটা বলাই বাহুল্য।
এটা মাথায় রেখেই রোহিত ভারতীয় দলের ক্রিকেটারদের কোনওরকম আলগা মনোভাব দেখাতে বা আত্মতুষ্টিতে ভুগতে নিষেধ করেছেন। টি২০ বিশ্বকাপ বা সাম্প্রতিক টি২০ অর্থাৎ এশিয়া কাপের ম্যাচে ভারতের একতরফা প্রাধান্য থাকলেও রোহিত মনে করেন, ক্রিকেট খেলার ফল অনিশ্চয়তায় ভরা। ভারত যতই কাগজে কলমে ফেবারিট হোক না কেন, সবদিন সমান যায় না। দিনটা যার হবে, সেই ম্যাচ জিতে যেতে এই ধরনের শর্ট ফরম্যাটে।
দুবাইয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রোহিতের বিশ্লেষণ, ‘ প্রথমত আমি ফেবারিট শব্দটাই বিশ্বাস করি না। ক্রিকেট একটা মজার খেলা। গত ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেট অনেক কিছু ঘটতে দেখেছি। সব দল এখন পরস্পরকে জানে। প্রচুর ম্যাচ খেলে। বিশেষ করে টি২দ ফরম্যাটে। তাই এখন আর মাঠে গিয়ে ২ পয়েন্ট পাবই ভেবে খেলতে নামলে হবে না। বরং ভাল ক্রিকেট খেলতে হবে পুরো পয়েন্ট পেতে, নইলে ম্যাচের শেষে শূণ্য পয়েন্ট নিয়ে সাজঘরে ফিরতে হবে।’
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের সাফল্যের খতিয়ান ঈর্ষণীয়। গত ৮ সাক্ষাতের সবকটিই জিতেছে ভারত। তবু এই পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ রোহিত। তিনি অতীত ফল মাথায় রেখে ভারতীয় দলকে পাকিস্তান ম্যাচ না খেলার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, ‘ টি২০ ক্রিকেটে সাফল্য নির্ভর করে ম্যাচের দিন পারফরমেন্স কেমন থাকছে, তারওপর। যে কোনও দল আর এক দলকে হারিয়ে দিতে পারে। তাই অতীতে কী করেছ, সেটা ভুলে যাও। এখন কেমন ছন্দে আছ, সেটা বড় কথা। ক্রিকেটারদের মানসিক জোরটা রাখতে হবে মাঠে নেমে ভাল পারফর্ম করার পাশাপাশি। পাকিস্তান বলে আলাদা কোনও চাপের ব্যাপার নেই। আর পাঁচটা ভাল প্রতিপক্ষর মতোই ওদের গুরুত্ব দিয়ে মোকাবিলা করতে হবে জয় পেতে।’
ভারতীয় দল একবারই মাত্র বিশ্বকাপে হেরেছে পাকিস্তানের কাছে। সেটা ২০২১য়ে টি২০ বিশ্বকাপে। টি২০ বিশ্বকাপের গত ৫টি সাক্ষাতেই জিতেছে ভারত। তাই রবিবারের ম্যাচে সূর্যকুমার যাদব ও তাঁর দলের পাল্লা যে ভারি, সেটা বলার অপেক্ষা রাখে না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
