অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর দল ঘোষণা করা হবে। যদিও এখন ভারতীয় দল এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কায় রয়েছে। এখন সবার নজর বিশ্বকাপে ভারতীয় দলে কাঁরা জায়গা করে নিচ্ছেন তার দিকে। ২০১৩-এর পর থেকে ভারতীয় ক্রিকেট দল একটিও আইসিসি ট্রফি জেতেনি। এ বছর ঘরের মাঠে খেলে ট্রফির খড়া কাটানোর সুযোগ রয়েছে ভারতীয় দলের কাছে।
বৃষ্টির কারণে এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ভেস্তে গেলেও দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে ভারত। যদিও এই ম্যাচ জিততে কোনও অসুবিধা হয়নি। কিন্তু রোহিত শর্মা জানিয়েছেন তাঁদের ফিল্ডিং আরও ভাল হতে পারত। এর সঙ্গে তিনি বিশ্বকাপে কাঁরা থাকতে পারেন তারও একটা ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেন, ‘‘আমরা যখন এখানে এসেছিলাম তখন থেকেই আমাদের একটা পরিকল্পনা ছিল যে বিশ্বকাপে আমাদের দলের ১৫ জন কারা হবে। শুধুমাত্র দু’তিন জনের জায়গা ছাড়া সবটাই ঠিক ছিল।’’
ম্যাচের শেষে রোহিত বলেন, ‘‘এশিয়া কাপের এই দুটো ম্যাচ দিয়ে আমরা কোনও কিছুই সিদ্ধান্ত নিচ্ছি না। একটা ম্যাচ বৃষ্টির কারণে হল না। যদিও আমরা ব্যাট করতে পেরেছিলাম আগের ম্যাচে আর এই ম্যাচে বল করতে পেরেছি। আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। আমাদের দলের কয়েকজন অনেক দিন পর খেলছে। সুপার ফোরে পৌঁছানোর থেকে সুখের আর কিছু হতে পারে না। প্রথম ম্যাচে চাপের মধ্যেও হার্দিক পাণ্ড্যে এবং ঈষান কিষান ভাল খেলেছিল। ওদের জন্যই আমাদের দল একটা ভাল জায়গায় পৌঁছেছিল। আজকে আমাদের বোলিং ভাল ছিল কিন্তু ফিল্ডিং ভাল ছিল না।’’
৮ অক্টোবর ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
