রোহিত শর্মা
অলস্পোর্ট ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। এদিন সিরিজ জয়ের ট্রফি নেওয়ার সময় কেএল রাহুল-কে ডাকেন রোহিত। ট্রফিটা নিতে বলেন তাঁকেই। রাহুলের প্রতি রোহিতের এই ব্যবহার মন ছুঁয়ে যায় সবার। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।
সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে ছিলেন রোহিত। ওই দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন দলের উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল। রাহুলের নেতৃত্বে মোহালি এবং ইন্দোরে জেতা দুই ম্যাচের হাত ধরেই সিরিজ জিতল ভারত। রাজকোটে শেষ ম্যাচে দলে ফেরেন রোহিত এবং দলকে নেতৃত্ব দেন তিনি। কিন্তু এই ম্যাচ জিততে পারেনি ভারত। এদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার পার্টটাইম অফস্পিনার গ্লেন মাক্সওয়েলের বলের সামনে দাঁড়াতে পারেনি ভারতীয় মিডিল অর্ডার। তাঁর বোলিং শেষ ম্যাচে দলকে ৬৬ রানে জিততে সাহায্য করে। অবশ্য এদিন হেরে গেলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে যায় ভারত।
এদিন ম্যাচ শেষে রোহিত বলেন, ‘‘আমি খুব খুশি। দল যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমি খুশি। শেষ ৭-৮টা ওয়ানডে আমরা সত্যি ভাল খেলেছি। এর মধ্যে আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। দলেও অনেক পরিবর্তন এসেছে। সেই সব চ্যালেঞ্জে দল ভালই সাড়া দিয়েছে। কিন্তু আজ আমরা যে ফলের আশা করেছিলাম তা হায়নি।’’
এদিনের ম্যাচে ভারতের সামনে লক্ষ্য ছিল ৩৫৩ রানের। অধিনায়ক রোহিত শর্মার ৮১রান এবং কোহলির অর্ধশতরান দলকে অনেকটাই এগিয়ে নিয়ে যায়। ১৭১ রানে দুই উইকেট হারিয়ে শুরুটা ভালই করে রোহিতের দল। কিন্তু অস্ট্রেলিয়ার স্পিনার মাক্সওয়েলের বলে ভেঙে যায় ভারতের ব্যটিং অর্ডার। মাত্র ৪৯ রানে চার উইকেট নেন তিনি। ৪৯.৪ ওভারে ২৮৬ রানে শেষ হয়ে যায় ভারতের সফর।
১০ দিন পর আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ ৮ অক্টোবর চেন্নাই-এ আবারও মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। কিন্তু তাঁর আগে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
