রুতুরাজ গায়কওয়াড
অলস্পোর্ট ডেস্ক: বহুল প্রতীক্ষিত এশিয়ান গেমসের জন্য বৃহস্পতিবার সকালে হ্যাংঝৌয়ের উদ্দেশে রওনা দিল ভারতীয় পুরুষ ক্রিকেট দল। ৩ অক্টোবর থেকে চিনের মাঠে খেলতে নামবে রুতুরাজ গায়কওয়াড়ের নেতৃত্বাধীন দল। এদিন গেমসে যাওয়ার আগে ভারতীয় দলকে মুম্বই বিমানবন্দরে শুভেচ্ছা জানানো হয়।
একটি টুইটে লেখা হয়েছে, ‘‘পুরুষ ক্রিকেট দল সম্পূর্ণভাবে তৈরি এশিয়ান গেমস ২০২৩-এর জন্য। ভারতীয় দল মুম্বই বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছে হ্যাংঝৌয়ের উদ্দেশে। আমরা তাদের ভাল পারফর্মেন্সের জন্য শুভকামনা জানাই।’’
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান, আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ের পাঁচটি শীর্ষ বাছাই দল। তারা কোয়ার্টার ফাইনালে সরাসরি প্রবেশের অনুমতি পেয়েছে।
রুতুরাজ গায়কওয়াড়কে এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং সঙ্গে যুব তারকা যশস্বী জয়সওয়াল দলে জায়গা পেয়েছেন।
আইপিএল ২০২৩-এ চেন্নাই সুপার কিংসের মিডল অর্ডার ব্যাটিং-এর মেরুদণ্ড ছিলেন শিবম দুবে, তাঁকে এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে রাখা হয়েছে।
আইপিএল ২০২৩-এর আর একজন সুপারস্টার, যিনি তাঁর দুর্দান্ত পারফম্যান্সে সবাইকে অবাক করে দিয়েছিলেন এবছর, সেই রিংকু সিংকে গেমসের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ভাল আইপিএল পারফম্যান্সের ভিত্তিতে উইকেটরক্ষক ও ব্যাটসম্যান জিতেশ শর্মা এবং প্রভসিমরান সিং দলে জায়গা করে নিয়েছেন।
এশিয়ান গেমসে নির্বাচিত ভারতীয় পুরুষ দল: রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভর্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে এবং প্রভসিমরান সিং (উইকেটরক্ষক)।
স্ট্যান্ডবাই তালিকা: যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা এবং সাই সুদর্শন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
