অলস্পোর্ট ডেস্ক: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন ওল্ড ট্র্যাফোর্ডে পায়ের আঙুল ভাঙা অবস্থায় দলের স্বার্থে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। তিনি যখন মাঠে নামছিলেন তখন ম্যানচেস্টারের গ্যালারি উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানায়। তার পর তিনি মাঠে নেমে নামের পাশে হাফ সেঞ্চুরি লিখে নিয়েই মাঠ ছেড়েছেন। ক্রিকেটের মহান ব্যক্তিত্বরা যে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হবেন তা নিয়ে তো কোনও সন্দেহ নেই। আর সেই তালিকায় যদি থাকেন স্বয়ং মাস্টার ব্লাস্টার তখন কৃতিত্বটা যেন কয়েকশো গুন বেড়ে যায়। পন্থের এই অসাধারণ লড়াইয়ের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর।
ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন ডান পায়ের পঞ্চম মেটাটারসালে আঘাত পাওয়ার পর ব্যাট করতে নামার সময় পন্থকে যে কতটা সাহস সঞ্চয় করতে হয়েছিল তা তাঁর হাঁটা দেখলেই স্পষ্ট। হাঁটতে কষ্ট হচ্ছিল, তাও শার্দুল ঠাকুর ৪১ রানে আউট হওয়ার পর ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদের চমকে দিয়ে মাঠে নামেন তিনি। যতক্ষণ মাঠে ছিলেন পন্থকে ব্যথার সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছে। তার মধ্যেই ৫৪ রান করেন। যার ফলে ভারত অলআউট হওয়ার আগে ৩৫৮ রানে পৌঁছায়।
“স্থিতিস্থাপকতা হলো ব্যথার মধ্য দিয়ে খেলা এবং তার ঊর্ধ্বে উঠে আসা। @RishabhPant17 ইনজুরি নিয়ে খেলায় ফিরে এসে এমন পারফর্মেন্স দেখিয়ে অসাধারণ চরিত্র দেখিয়েছে। তার পঞ্চাশ রান দেশের প্রতিনিধিত্ব করার জন্য যে ধৈর্য এবং দৃঢ়তার প্রয়োজন তার একটি শক্তিশালী স্মারক। একটি সাহসী প্রচেষ্টা, এবং এটি দীর্ঘ সময় ধরে মনে রাখা হবে। ঋষভ, ভালো খেলেছো,” এক্সে পোস্ট করেছেন তেন্ডুলকর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
