অলস্পোর্ট ডেস্ক: সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি কে হবেন তা নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। আর তার মধ্যে প্রথম থেকেই উঠে আসছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের নাম। কিন্তু বৃহস্পতিবার ব্যাটিং কিংবদন্তি এবং প্রাক্তন ভারত অধিনায়ক এই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তাঁর ম্যানেজমেন্ট সংস্থার তরফে এই ধরণের সমস্ত আলোচনাকে “ভিত্তিহীন” বলে জানানো হয়েছে। সচিনেক পক্ষ থেকে তাঁর ম্যানেজমেন্ট সংস্থা তএই বিবৃতি জারি করে রজার বিন্নির সম্ভাব্য উত্তরসূরি হওয়ার তত্ত্ব নস্যাৎ করেছেন, যার মেয়াদ জুলাই মাসে শেষ হয়েছিল। আপাতত তাঁর জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন রাজীব শুক্লা।
“আমাদের নজরে এসেছে যে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে সচিন তেন্ডুলকরকে বিবেচনা করা বা মনোনীত করা সম্পর্কে কিছু প্রতিবেদন এবং গুজব ছড়িয়ে পড়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এমন কোনও ঘটনা ঘটেনি। আমরা সংশ্লিষ্ট সকলকে ভিত্তিহীন জল্পনায় বিশ্বাস না করার জন্য অনুরোধ করছি,” এই বিবৃতিতে বলা হয়েছে।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের ২৮ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভায় সভাপতি পদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিন্নিকে ২০২২ সালের অক্টোবরে বিসিসিআই সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং বোর্ডের সংবিধানে এই পদের জন্য বয়সসীমা ৭০ বছর নির্ধারণ করা হয়েছে। যে কারণে ৭০ বছর হয়ে যাওয়ায় প্রাক্তন বিশ্বকাপারকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হল। তার পর থেকেই হঠাৎ করে সচিন তেন্ডুলকরের নাম উঠতে শুরু করে, যদিও তা নিয়ে কখনওই কোনও মন্তব্য করতে দেখা যায়নি।
তেন্ডুলকর কেবল ভারতেই নয়, সমস্ত প্রধান ক্রিকেটীয় দেশগুলির ঘরে ঘরে বিখ্যাত একটি নাম। বিশ্বের বর্তমান অনেক তারকা ব্যাটসম্যান, যেমন বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুট, বীরেন্দ্র শেহবাগ, এমএস ধোনি-সহ আরও অনেকেই তাদের স্ট্রোক প্লে খেলার প্রতি আবেগ এবং ম্যাচ জেতানোর ক্ষমতার জন্য মাস্টার ব্লাস্টারের কাছে ঋণী। অনেকেই পথ প্রদর্শক তিনিই। তবে তাঁর ভারতীয় ক্রিকেট প্রশাসনে শীর্ষ পদে বসার কোনও ইচ্ছে নেই নিশ্চিত, না হলে এমন বিবৃতি সামনে আসত না তাঁর ম্যানেজমেন্ট ফার্মের তরফে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
