শাহীন আফ্রিদি
অলস্পোর্ট ডেস্ক: ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের হ্যারিস রউফ ও শাহিবজাদা ফারহানের আচরণ ঘিরে বিতর্কের ঝড় উঠেছে, তীব্র সমলোচনাও হচ্ছে। রউফ দু’হাতের আঙুলে ৬-০ সংকেত যথেষ্টই ইঙ্গিতপূর্ণ। তিনি অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান সেনাবাহিনীর হাতে ভারতের ৬টি রাফায়েল বিমান ধ্বংসের দাবিকে সমর্থন জানিয়ে এই ইঙ্গিত করেছেন, এমনটাই মনে করা হয়েছে। অন্যদিকে, ফারহানের ব্যাট তুলে এক-৪৭য়ের ভঙ্গি করাটাও বিশ্বে বেশ আলোড়ন তুলেছে। ভারতে তো বটেই।
এই বিতর্কে ইন্ধন জুগিয়েছে রউফের স্ত্রীর মন্তব্য। তিনি রউফের আচরণকে সমর্থন জানিয়ে উত্তেজনা আরও বাড়িয়েছেন। বলেছেন, ‘ রউফ মাঠের লড়াইয়ে হেরেছে ঠিকই, কিন্তু মাঠের বাইরের যুদ্ধ জিতে নিয়েছে।’
তবে এই বিতর্ক ধামাচাপা দিতে বক্তব্য পেশ করেছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শাহিনের বক্তব্য, ‘ মাঠের মাঝে সেলিব্রেশনের ধরনকে বাড়তি গুরুত্ব দেওয়া উচিত নয়। বরং খেলায় ফোকাস করা উচিত। দেখুন, কে কীভাবে সেলিব্রেশন করবে সেটা তাঁর ব্যাপার। সকলের আবেগ প্রকাশের সিদ্ধান্ত সমান নয়। প্রতি খেলোয়াড়ের একটা সম্মান আছে। তবে আমাদের কাজ মাঠে নেমে ক্রিকেট খেলা। সেরা দেওয়া। আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া। আশাবাদী সেই লক্ষ্যে আমরা সফল হব। তার জন্য মাঠে নেমে সেরা দিচ্ছি।’
পাকিস্তান ইতিমধ্যেই ভারতের কাছে এশিয়া কাপে দুটি ম্যাচেই হেরেছে। গ্রুপ পর্যায়ে ও সুপার ফোরে। যদিও এখনও কারা ফাইনাল খেলবে, সেটা ঠিক হয়নি, তবে শাহিন আত্মবিশ্বাসী এশিয়া কাপের ফাইনাল খেলা নিয়ে। বিশেষ করে শ্রীলঙ্কাকে সুপার ফোরের ম্যাচে হারানোর পর পাকিস্তান ক্রিকেট দল তেমনই ভাবতে শুরু করেছে জোরালো ভাবে। অবশ্য টু্র্নামেন্টের গতিপ্রকৃতি অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে সামনের রবিবার ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা প্রবল।
এনিয়ে শাহিনের প্রতিক্রিয়া, ‘ ভারত এখনও ফাইনালে ওঠেনি। যখন পৌঁছবে , তখন ওদের নিয়ে ভাবব। আমরা এখানে এসেছি ফাইনাল জিতে এশিয়া কাপ ট্রফি ঘরে তুলতে। আমরা যেকোন দলের বিরুদ্ধে খেলতে তৈরি। বিশ্বাস রাখি, আমরা তাদের হারাব।’
পাকিস্তানের ফাস্ট বোলার মানছেন, তাঁরা প্রথম সারির দলের বিরুদ্ধে খুব বেশি জেতেনি সাম্প্রতিককালে। তবে সেটা এবার তাঁরা বদলাতে মরিয়া। বলেন, ‘ এটা ঠিক আমরা বড় দলের জিতি না। কিন্তু সেটা বদলানোর সময় এসেছে। সেটা এই এশিয়া কাপ থেকেই শুরু হোক।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
