অলস্পোর্ট ডেস্ক: শেষবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলে পাকাপাকি অবসর নিতে চান অলরাউন্ডার শাকিব আল হাসান। এমনই ইচ্ছা প্রকাশ করেছেন সোসাল মিডিয়ায় করা তাঁর পোস্টে। ৩৯ বছর বয়সী শাকিব আবেগপূর্ণ গলায় নিজের বক্তব্য পেশ করেছেন। তবে একইসঙ্গে সাফ জানিয়েছেন, ক্রিকেট খেলাটাই তাঁর একমাত্র উদ্দেশ্য কোনওরকম রাজনীতি বা বিতর্কতে জড়াতে নারাজ।
শাকিব বলেছেন, ‘ আমার সাম্প্রতিক বক্তব্য ঘিরে একটা বিতর্ক দানা বেধেছে। তাই আমি এনিয়ে আমার স্ট্যান্ড পরিষ্কার করে দিতে চাই। এই বয়সে এসে আমার একটাই লক্ষ্য বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলা। যদি আমাকে সেই সুযোগ দেওয়া হয়, তাহলে আমি মাঠে নেমে সেরা দিতে চেষ্টা করব, যাতে আমার ভক্তরা খুশি হয়, বাংলাদেশের মানুষ আমার পারফরমেন্স জীবনের বাকি সময়ের জন্য মনে রাখে।’
বংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবেই বাংলাদেশের মানুষের কাছে শাকিবের জনপ্রিয়তা আজও অটুট আছে। একজন সাধারন ক্রিকেটার থেকে বাংলাদেশের সেরা অলরাউন্ডার হওয়ার লড়াইটা দেশের মানুষ সামনে থেকেই দেখেছেন। সেটাই তাঁকে বাংলাদেশের ক্রিকেট আইকন বানিয়েছে। স্বাভাবিকভাবেই সেই ভক্তদের কথা মাথায় রেখে শেষবারের মতো দেশের প্রিয় জার্সিতে খেলে পাকাপাকি অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শাকিব। যতটা না সেটা পেশাদারি দিক থেকে, তার থেকে বেশি আবেগের।
তবে শাকিবের বাংলাদেশে জাতীয় দলের ফেরা নিয়ে সংশয় আছে। কারণ নানা জটিলতা তৈরির সম্ভাবনা রয়েছে তাতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের হাতে এখন গোটা বিষয়টা কমিটিতে ব্যাপক রদবদলের পর। ক্রিকেটের বাইরে গিয়ে বাংলাদেশের উন্নতি নিয়ে কিছু কথা বলেছেন শাকিব। দেশের সার্বিক উন্নতিতে রাজনীতির গুরুত্ব আছে মনে করলেও, শাকিবের মতে, দেশের সেবা করতে রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়তেই হবে, এমন কোনও মানে নেই।
শাকিবের ভাষায়, ‘রাজনীতি দেশের উন্নতিতে একটা বড় ভূমিকা নেয়। সেটা আমি অবসর নেওয়ার পর ভাবতে পারি। কিন্তু রাজনীতিতে যোগ না দিয়েও অন্যভাবে দেশের সেবা করার অনেক রাস্তা আছে।’ শাকিব আশাবাদী, বাংলাদেশ দলে শেষবারের মতো ডাক পাবেন। মনে করেন তাঁর ভক্তদের প্রত্যাশা মেটানোর সুযোগ তাঁর মিলবে। বলেন, ‘ আমি দেশের জার্সিতে খেলে হাসিমুখে মাথা উঁচু করে বিদায় নিতে চাই।’
এখনও পর্যন্ত শাকিব ২৪৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭৫৭০ রান করেছেন। যারল মধ্যে আছে ৯ শতরান, ৫৬টি অর্ধশতরানের ইনিংস। বোলিংয়ে হাত ঘুরিয়ে পেয়েছেন ৩১৭ উইকেট। ৭১ টেস্ট খেলা বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের ঝুলিতে জমা হয়েছে ৪৬০৯ রান। যার মধ্যে আছে ৩১টি অর্ধশতরান ও ৫ শতারান। বোলিংয়ের শিকার ২৪৬ উইকেট। শাকিব শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালে দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
