অলস্পোর্ট ডেস্ক: এবছরের শেষে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। কিছুদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে এবারের বিশ্বকাপ দল। দীর্ঘদিন চোটের কারণে খেলা থেকে দূরে রয়েছেন শিখর ধাওয়ান । বিশ্বকাপ দলে তাঁর জায়গা হবে কিনা এই নিয়ে আগেও প্রশ্ন তুলেছেন অনেকে। এবার সেই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া।
শিখর ধাওয়ান শেষ খেলেছিলেন ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচ। তারপর থেকে চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন তিনি।
প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া আইসিসি ২০২৩ বিশ্বকাপ দলে শিখর ধাওয়ানকে নেওয়া নিয়ে জোড়ালো প্রশ্ন তুলেছেন। পাশাপাশি দলে জায়গা পাওয়া এই বাঁহাতি খেলোয়াড়ের জন্য খুবই কঠিন হবে বলে মনে করছেন তিনি। কারণ এর আগেও এশিয়ান গেমস- এ ধাওয়ানকে নেওয়া হবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু তাঁর পরিবর্তে তরুণ খেলোয়াড় রুতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়ালকে দলে নেওয়া হয়েছিল ওপেনিং ব্যাটার হিসেবে। চোপড়া জানান, ধাওয়ান অতীতে আইসিসি টুর্নামেন্টে দলের জন্য কার্যকরী ভূমিকা গ্রহন করেছিলেন। কিন্তু এবারের প্রতিযোগিতায় তাঁর পক্ষে ফিরে আসা কঠিন হবে বলে মনে করছেন তিনি।
চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘‘ওর দলে থাকা উচিত কিন্তু মনে হচ্ছে সেটা হবে না। কারণ তাঁর নাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখা যায়নি এবং এশিয়ান গেমসেও তাঁকে দলে নেওয়া হয়নি। এমন মনে হচ্ছে যে দল তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’’
ধাওয়ান শেষবার ২০২২-এ বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন। চোপড়া মনে করেন, কোনও ভুলের জন্য তাঁর বদলে অন্য খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে এমনটা নয়। আসলে দলে তাঁর বিকল্প হিসেবে এমন খেলোয়াড় বাছা হয়েছে যারা তিনরকম ফর্ম্যাটেই খেলতে পারেন।
তিনি বলেন, ‘‘তিনি যখন শেষ বিশ্বকাপ খেলেছিলেন তখন তাঁর চোট হয়েছিল। কিন্তু সেই ম্যাচেও তিনি সেঞ্চুরি না করে মাঠ ছাড়েননি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় নির্বাচকরা তাঁকে নিয়ে ভাবছে না বলে মনে হচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘এটা এমন ব্যাপার যে আপনি খুব ভাল খেলছেন কিন্তু কেউ এসে আপনার জায়গা নিয়ে নিচ্ছে। কারণ তাঁরা হয়ত তিনটে ফর্ম্যাটেই খেলতে পারেন এবং একাধিক জায়গায় ভাল খেলছেন। স্বাভাবিকভাবেই সে আপনার থেকে এগিয়ে যাবে। এবার আপনার মনে হতেই পারে, আমি এত ভাল খেলেও কেন বাদ পড়ছেন?’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
