শ্রেয়াস আইয়ার
অলস্পোর্ট ডেস্ক:শ্রেয়াস আইয়ারের আবার চোট! টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর প্রাথমিক ম্যাচগুলি মিস করতে পারেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বইয়ের হয়ে ৯৫ রানের পর ব্যাটারের পুরনো পিঠের চোট আবারও সমস্যায় ফেলতে তাঁকে।
২০২৩-এ, একই আঘাতের কারণে আইয়ারের অস্ত্রোপচার করা হয়েছিল এবং সাম্প্রতিক এই তথ্য যদি ঠিক হয় তাহলে আইপিএল ২০২৪-এর প্রথম কয়েকটি ম্যাচ থেকে বাদ পড়তে পারেন তিনি। “এটা ভাল লাগছে না। একই পিঠের চোট যা আরও বেড়েছে। রঞ্জি ট্রফির ফাইনালের পঞ্চম দিন মাঠে নামার সম্ভাবনা কম। তাঁর আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলি মিস করার সম্ভাবনা রয়েছে,” একটি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে।
বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়ার পর আইয়ারের জন্য আইপিএল একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কেকেআর প্রতিযোগিতায় তাদের প্রথম খেলায় ২৩ মার্চ কলকাতায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে। আইয়ার তাঁর ৯৫ রানের খেলার সময় পিঠে খিঁচুনিতে ভুগছিলেন এবং মুম্বই টিম ফিজিওকে তাঁকে দু’বার চেক করতে দেখা যায়।
বুধবারও তিনি মুম্বইয়ের হয়ে মাঠে নামেননি এবং প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রঞ্জি ট্রফির ফাইনালে তাঁর আর খেলার সম্ভাবনা খুবই কম।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের সময় এই চোটের অভিযোগ করেছিলেন আইয়ার। “সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত টেস্ট সিরিজের সময়, তিনি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন যে এই চোট তাঁকে আবার সমস্যায় ফেলছে,” সূত্রটি জানিয়েছে।
তবে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) জানিয়েছিল, তাঁর চোট নিয়ে নতুন কোনও উদ্বেগ নেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
