Cart Total Items (0)

Cart

All Sports
শ্রেয়াস আইয়ার

সুচরিতা সেন চৌধুরী: আইপিএল ২০২৪-এর ঢাকে কাঠি পড়ে গিয়েছে শুক্রবার থেকেই। চেন্নাইয়ের স্টেডিয়াম যখন আলোর রোশনাই আর বলিউড তারকাদের পারফরমেন্সে গমগম করছে তখন ব্যাট হাতে নেটে শেষ মুহূর্তে নিজেকে ঝালিয়ে নিতে নেমে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রাথমিকভাবে সাংবাদিক সম্মেলন করার পরই দুই ক্যাপ্টেনের অনুশীলনে নামার কথা ছিল। কিন্তু হায়দরাবাদ ক্যাপ্টেন প্যাট কামিন্সের সাংবাদিক সম্মেলন দেড়িতে শুরু হওয়ায় নির্ধারিত সময়ে আসতে পারেননি শ্রেয়াস। তাই সময় নষ্ট না করে নেমে পড়েন অনুশীলনে। নেটে অনেকটা সময় কাটিয়ে শেষ পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তারপর আবার ফিরে তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন।

জানিয়ে দিলেন অনুশীলন শেষে টিম মিটিংয়েই সিদ্ধান্ত হবে শনিবারের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে কাঁদের জায়গা হবে। নিজেকে নিয়েও আত্মবিশ্বাসী শ্রেয়াস। গত কয়েক বছর বার বার কঠিন সময় দেখিয়েছে চোট-আঘাত। ছিটকে জেতে হয়েছে বার বার। তা বলে পরে কী তা ভেবে নিজের ওপর চাপ বাড়াতে চান না তিনি।

বলছিলেন, “কী হবে, কী হতে পারে নিয়ে ভাবতে শুরু করলে অনেক চাপ তৈরি হয় এবং তা থেকে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমি বর্তমানে বাঁচতে ভালবাসি। আপনি আইপিএলের মে কোনও অধিনায়ককে জিজ্ঞেস করবেন তাঁর লক্ষ্য কী, সবাই একই কথা বলবে। আমারও লক্ষ্য আইপিএল জেতা। যে কারণে আমি যতটা সম্ভব বর্তমানে থাকতে চাই। এটাই আমি শিখেছি।”

তিনি আরও বলেন, “আমি সঠিক কাজটা করতে চাই। তাও যদি ভুল হয়ে যায় তাহলে সেখান থেকে শিখতে চাই, তাতে সেই ভুলটা আর না করি। মাঠের বাইরেটা আমার নিয়ন্ত্রনে নেই। সঠিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আমি নিজের কাজটা করে যেতে চাই। তবে কেউই ভুলের বাইরে নয়। তাই ভুল করলেও সেখান থেকে শিখতে হবে।” মেনে নিচ্ছেন গৌতম গম্ভীরের উপস্থিতি দলকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।

শ্রেয়াস বলছিলেন, “গৌতম গম্ভীর অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছে। তার উপস্থিতি দলকে আত্মবিশ্বাস দিচ্ছে। সবাইকে অনেক উপদেশ দেন। অনুশীলনে ম্যাচে কী হবে তার নিয়ে আলোচনা হয়। তাঁর স্ট্র্যাটেজি অনেক ভাল। কলকাতা দলের সঙ্গেও তার অনেক পুরনো সম্পর্ক, জানেন প্রতিপক্ষ এই দলকে কীভাবে টার্গেট করে। অনেক কাজে লাগবে তার অভিজ্ঞতা।”

তবে তাঁর দলের প্রত্যেকটি প্লেয়ারই দলের হিরো। সকলেই দলের শক্তি। কোনও একজনকে বাছতে নারাজ তিনি। যদিও উদাহরণ দিতে গিয়ে তাঁর কথায় উঠে এল, গত বছর রিঙ্কু সিংয়ের পাঁচ ছক্কার কথা। যদিও তিনি এটাও মনে করিয়ে দিলেন, টুর্নামেন্টের শুরুতেই কেউ হিরো হয়ে যায় না। তাঁর দল তৈরি। তবে তিঁর মরসুমের শুরুতে সবাই সমান।

বলেন, “আমি এক বছর পর আইপিএলে ফিরছি। তাই আমিও ভীষণভাবে মুখিয়ে রয়েছি। বাকিরাও একইভাবে নিজেদের সেরাটা দিতে চায়। যে কারণে দলের স্পিরিট তুঙ্গে রয়েছে। আমি এই মুহূর্তে কালকের ম্যাচ নিয়ে ভাবছি কীভাবে সবার‌ থেকে সেরাটা বের করে আনা যায়।”

ঘরের মাঠে ম্যাচ দিয়ে আইপিএল শুরু করছে কেকেআর। যার সুযোগ সুদে আসলে তুলে নিতে চান অধিনায়ক। তিনি নিশ্চিত ইবেন গার্ডেনের ৬০ হাজারের গ্যালারি থেকে তখন নাইটদের নামের জয়ধ্বনি উঠবে তখন মোটিভেশনটা দ্বিগুণ হয়ে যাবে। তাই জয় ছাড়া প্রথম ম্যাচে আর কিছুই ভাবছেন না কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

ছবি: কেকেআর নাইট ক্লাব

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *