অলস্পোর্ট ডেস্ক: নিয়মিত অধিনায়ক শার্দুল ঠাকুর চোটের কারণে ছিটকে যাওয়ায় সোমবার মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফির বাকি ম্যাচগুলোর জন্য শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। আইয়ার নিজেও দীর্ঘ চোট সারিয়ে ফিরেছেন। গত বছরের অক্টোবরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালীন একটি ক্যাচ ধরতে গিয়ে বেকায়দায় পড়ে যান, যার ফলে তাঁর প্লীহা গুরুতরভাবে জখম হয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। সেই সময় তাঁকে সেখানকার হাসপাতালে রেখেই দীর্ঘদিন চিকিৎসা করা হয়। তার পর থেকে তিনি এখনও পেশাদার ক্রিকেটে ফিরতে পারেননি। তবে সম্প্রতি তিনি পুরো ফিট হয়ে আবার খেলায় ফিরছেন।
মুম্বইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল সোমবার পিটিআইকে বলেন, “শার্দুল চোট পেয়েছে এবং তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের শিভম দুবে এবং সূর্যকুমার যাদবের মতো অন্য খেলোয়াড়রাও আছেন এবং বাকি ম্যাচগুলোর জন্য শ্রেয়াস আইয়ারকে মুম্বইয়ের অধিনায়ক করা হয়েছে।” তবে তিনি ঠাকুরের চোটের ধরণ সম্পর্কে কিছু জানাননি।
ফিটনেসের ওপর তাঁর অংশগ্রহণ নির্ভর করলেও, ওয়ানডেতে ভারতের মনোনীত সহ-অধিনায়ক আইয়ারকে ১১ জানুয়ারি ভদোদরায় নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজের জন্য দলে রাখা হয়েছে। যার পরই মনে করা হচ্ছে তিনি এখন মাঠে নামার জন্য তৈরি।
নিউজিল্যান্ডের বিপক্ষে অন্য দু’টি ওয়ানডে ১৪ জানুয়ারি রাজকোটে এবং ১৮ জানুয়ারি ইন্দোরে খেলা হবে।
এমসিএ-র সচিব ডঃ উমেশ খানভিলকর একটি বিবৃতিতে বলেছেন, “শার্দুল ঠাকুরের পরিবর্তে শ্রেয়াস আইয়ার অধিনায়কত্বের দায়িত্ব নেবেন, যিনি চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন এবং বর্তমানে নির্বাচনের জন্য অনুপলব্ধ।” আইয়ার মঙ্গলবার হিমাচল প্রদেশের বিপক্ষে গ্রুপ ‘সি’ ম্যাচে এবং এরপর ৮ জানুয়ারি পঞ্জাবের বিপক্ষে ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দেবেন।
বিজয় হাজারে ট্রফির নকআউট ম্যাচগুলো ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে খেলা হবে। যদিও তার আগেই শ্রেয়াসকে ভারতীয় দলে যোগ দিতে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
