অলস্পোর্টডেস্কঃ সৌরভ গঙ্গোপাধ্যায় এবার প্রশ্ন তুললেন বিরাট এবং রোহিতের বাদ পড়া নিয়ে। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বাদ দিয়েই তৈরি হয়েছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টি২০ দল।
গত বছর টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে যাওয়ার পর থেকে তাঁরা আর দেশের হয়ে টি২০ খেলেননি। কিন্তু সদ্য শেষ হওয়া আইপিএল-এ বিরাট কোহলির পারফর্মেন্স ছিল অনবদ্য।
ভারতীয় ক্রিকেটের ওডিআই এবং টেস্ট দলের উল্লেখযোগ্য খেলোয়াড় বিরাট আর রোহিত। তাঁর পরেও কেন তাঁদের এই টি২০ সিরিজে বাদ দেওয়া হল তাঁর কোনও নির্দিষ্ট কারণ দেখাতে পারেননি নির্বাচকরা। ২০২২-এর টি২০ বিশ্বকাপের পর থেকে আর দলের হয়ে টি২০ ম্যাচ না খেললেও, এখনও তাঁরা দলের হয়ে তাঁদের সেরা পারফর্মেন্স দিতে পারবেন বলে মনে করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ এক সাক্ষাৎকারে বলেন, ‘‘নির্বাচকদের সবসময় সেরা খেলোয়াড়দের দলে নেওয়া উচিত। তাঁরা কারা সেটা দেখা উচিত নয়। আমার মতে, ভারতীয় টি২০ দলে এখনও জায়গা পাওয়া উচিত বিরাট কোহলি এবং রোহিত শর্মার। তাঁদের টি২০ খেলতে না পারার কোনও কারণ আমার চোখে পড়ছে না। বিরাট সদ্য হওয়া আইপিএল-এ অসাধারণ ফর্মে ছিলেন। আমাকে প্রশ্ন করলে বলব, কোহলি বা রোহিতের এখনও ভারতীও টি২০ দলে থাকা দরকার।’’
রোহিত এবং কোহলি ছাড়াও এবারের দলে জায়গা পাননি অনেকেই। এবারের আইপিএল-এ অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন রিঙ্কু সিং, জিতেশ শর্মা এবং রুতুরাজ গায়কোয়াড়। আইপিএল-এ ভাল পারফর্ম করার পরেও তাঁরা জায়গা করে নিতে পারেননি জাতীয় দলে।
এবিষয়ে সৌরভ মনে করেন, তরুণ খেলোয়াড়রা এভাবে পারফর্ম করতে থাকলে একদিন তাঁরা ঠিক দলে জায়গা করে নেবেন।
সৌরভ বলেন, ‘‘তাঁরা সবে খেলা শুরু করেছে। তাঁদের সামনে যে সুযোগই আসবে সেটাই তাঁদের কাজে লাগাতে হবে। নিজেদের সেরা পারফর্মেন্স দিতে হবে। একদিন তাঁরা নিশ্চই দলে জায়গা করে নেবে। একটা দলে মোট ১৫জন খেলোয়াড় নেওয়া হয়। তার মধ্যে খেলে ১১জন। তাই কাউকে না কাউকে বাদ পড়তেই হয়। আমি নিশ্চিত ওরা একদিন দেশের হয়ে খেলবে।’’
১২ জুলাই থেকে ইন্ডিয়া-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ শুরু হতে চলেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
