অলস্পোর্ট ডেস্ক: সৌরভ গাঙ্গুলি আগেই জানিয়েছেন, সিএবি সভাপতি পদের জন্য তিনি নির্বাচনে লড়বেন। সকলের সমর্থন নিয়ে। ইতিমধ্যেই তিনি এনিয়ে বিভিন্ন মহল ও ক্লাব প্রতিনিধিদের সঙ্গে কথাও বলেছেন। ময়দানের অনেক ক্লাব প্রতিনিধি সরাসরি সৌরভকে সিএবি সভাপতি পদে দেখতে চান, বলে সমর্থন জানিয়েওছেন।
যা শোনা গেছে, তাতে ১৪ সেপ্টেম্বর, রবিবার সিএবিতে গিয়ে সভাপতি পদের জন্য মনোনয়ন পেশ করবেন সৌরভ। ওইদিনই মনোনয়ন জমা করার শেষদিন। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। স্ক্রুটিনি ১৮ সেপ্টেম্বর। এখনও পর্যন্ত সৌরভের বিরুদ্ধে সভাপতি পদে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম শোনা যায়নি। যেটুকু খবর, অভিষেক ডালমিয়া আগে সিএবি সভাপতি পদের দাবীদার থাকলেও, এইমুহূর্তে তিনি নিজেকে ওই লড়াই থেকে সরিয়ে নিয়েছেন। তাই বলতে দ্বিধা নেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি আবার ফিরতে চলেছেন সৌরভ। ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারন সভায় নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যাবে।
শুধু সভাপতি পদে নয়, অন্যান্য পদেও নির্বাচন হবে সিএবিতে। সচিব পদে কে বসবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। একাধিক নাম শোনা যাচ্ছে ওই পদের দাবীদার হিসেবে। সৌরভের অভিন্নহৃদয় বন্ধু-ছায়াসঙ্গী সঞ্জয় দাসের নাম ঘোরাফেরা করেছে ওই পদে। তবে কালীঘাট ক্রিকেট ক্লাবের কর্তা বাবলু কোলের নামও সচিব পদে আলোচনায় উঠে আসছে। তিনি সচিব হলে সঞ্জয় দাসকে যুগ্ম সচিব পদে দেখার সম্ভাবনা থাকছে। কোষাধ্যক্ষ পদে বেলগাছিয়া ক্লাবের সুব্রত সাহার নামও জোরালো ভাবে উঠে এসেছে।
সিএবি নির্বাচনের মতোই বিসিসিআইতেও নির্বাচনী দামামা বেজে গেছে। সেখানে সভাপতির শুণ্য পদ কে পূরণ করবেন, তা নিয়ে কৌতুহলী ভারতীয় ক্রিকেট মহল। বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে রজার বিনিকে লোধা কমিটির নির্বাচনী আচরণ বিধি মেনে। ওই পদে ক্রিকেটের সঙ্গে জড়িত রাজনৈতিক ব্যক্তিদের নাম উঠে এলেও, অনেকেই চান শচীন তেন্ডুলকারের মতো ক্রিকেট ব্যক্তিত্ব সভাপতি পদে বসুন। কারণ এর আগে সৌরভ গাঙ্গুলির মতো মহাতারকা ওই পদে বসেছিলেন। তবে শচীন নিজে কতটা আগ্রহ দেখাবেন সভাপতি হতে, তার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
