Cart Total Items (0)

Cart

All Sports
সঞ্জু স্যামসন

অলস্পোর্ট ডেস্ক: শ্রীলঙ্কা থেকে সর্বশেষ আপডেটে জানা যাচ্ছে ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসন চলমান এশিয়া কাপ সুপার ফোর পর্বের মধ্যেই দল ছেড়ে দেশে ফিরেছে। স্যামসন এশিয়া কাপ ২০২৩-এর জন্য ভারতের ১৭ সদস্যের দলের রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ছিলেন। কেএল রাহুল, যিনি প্রথম দু’টি ম্যাচ খেলতে পারেননি পাকিস্তান এবং নেপালের বিপক্ষে। তাঁর জায়গায় এশিয়া কাপ দলে যোগ দিয়েছিলেন সঞ্জু। জানা যাচ্ছে বৃহস্পতিবার দলের অপশনাল ট্রেনিংয়েও নেটে অনুশীলন করেছিলেন তিনি। সূত্রের খবর, রাহুল ভারতীয় দলে যোগ দেওয়ার পরে, স্যামসনকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ তিনি দলের সঙ্গে স্ট্যান্ড-বাই প্লেয়ার হিসাবে গিয়েছিলেন।

“কেএল রাহুল দলে যোগ দেওয়ার পর সঞ্জু স্যামসনকে ফেরত পাঠানো হয়েছে। স্যামসনকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ তিনি স্ট্যান্ড-বাই প্লেয়ার হিসাবে দলের সঙ্গে ভ্রমণ করছিলেন,” বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে তাদের সুপার ফোরের ম্যাচের আগে ভারত অপশনাল অনুশীলন সেশন রেখেছিল। সেখানে রাহুলকে দেখা গিয়েছে পাকিস্তান দলের মানসম্পন্ন বোলিং আক্রমণের কথা মাথায় রেখে বাঁ-হাতি পেসার এবং ডান-হাতি পেসার উভয়ের জন্য অনুশীলন করতে। তিনি তাঁর প্রত্যাবর্তন ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত হতে নেটে দীর্ঘ সময় কাটান।

এদিকে কিছুদিন আগে ঘোষণা হওয়া বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দলেও রাখা হয়নি উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে।

ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়, উভয় দলই একটি করে পয়েন্ট পায়। ম্যাচে ভারতীয় ব্যাটিং দল পাকিস্তানের পেস আক্রমণের সামনে লড়াই করে, বিশেষ করে শাহীন আফ্রিদি যে ম্যাচে চার উইকেট নিয়েছিলেন। ভারত ৪৮.৫ ওভারে ২৬৬ রানে গুটিয়ে যায় হার্দিক পাণ্ড্যের ৮৭ এবং ঈশান কিষানের ৮২ রানের সাহায্যে দল ভদ্রস্থ লক্ষ্য পৌঁছতে পেরেছিল।

তবে, বৃষ্টির কারণে পাকিস্তান একটিও বল খেলতে পারেনি। এবং শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। সুপার ফোর পর্বে, চিরপ্রতিদ্বন্দ্বীদের আবার দেখা হতে চলেছে। রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। বুধবার গদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে জিতে সুপার ফোরের সূচনা করেছে পাকিস্তান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *