অলস্পোর্ট ডেস্ক: বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ২৩ উইকেট পড়ে যাওয়ার পর নিউল্যান্ডসের পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং হোম টিমের কোচ। কিছু সমস্যা ছিল, বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শদাতা অ্যাশওয়েল প্রিন্স। এদিন প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫৫ রানে গুটিয়ে যায় এবং প্রথম দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৬২ রানে থামে। তার আগে ভারত ১৫৩ রানে অলআউট হয়ে যায়।
৩৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। প্রিন্স ভারতীয় ওপেনিং বোলার মহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরাহকে কৃতিত্ব দেন, তার সঙ্গে বলেন যে পরিস্থিতি অনেকটাই অনুকূল ছিল বোলারদের জন্য। টস জিতে দক্ষিণ আফ্রিকা লাঞ্চের আগে বোল্ড আউট হওয়ায় প্রথম ইনিংসে ১৫ রানে কেরিয়ারে সেরা ছয় উইকেট নেন সিরাজ।
“আমি প্রথম দিনেই এত ফাস্ট পিচ দেখিনি,” বলেছেন প্রিন্স, যিনি তাঁর ৬৬টি টেস্ট ম্যাচের মধ্যে ১১টি ম্যাচ খেলেছেন, সেই সঙ্গে তাঁর ঘরোয়া কেরিয়ারের বেশিরভাগই নিউল্যান্ডসে এবং বর্তমানে ওয়েস্টার্ন প্রভিন্সের কোচ হিসেবেও এই গ্রাউন্ডকেই ব্যবহার করতে হয়।
“একজন ব্যাটসম্যান হিসাবে আপনি উইকেটে গতিতে থাকলে তাতে আপত্তি করবেন না যদি বাউন্স ধারাবাহিক হয়, তবে একানে বাউন্স কিছুটা অসামঞ্জস্যপূর্ণ ছিল। আপনি প্রথম দিনে কিছুটা সীম মুভমেন্ট আশা করছেন কিন্তু অসামঞ্জস্যপূর্ণ বাউন্স-সহ সীম মুভমেন্ট একটি ভিন্ন পরিস্থিতি তৈরি করছে,’’ বলেন তিনি।
এর সঙ্গে তিনি জুড়ে দেন, “কখনও কখনও এমন হয় যে একটি দুর্দান্ত বোলিং লাইন আপ একটি দলকে সহজে আউট করে দেয় তবে উভয় ব্যাটিং লাইন আপ যদি ব্যাট করতে না পারে তবে নিশ্চিত কিছু ভুল রয়েছে।”
প্রিন্স বলেন যে পরিস্থিতি দক্ষিণ আফ্রিকাকে অবাক করে দিয়েছিল। টস জিতে আবহাওয়া দেখে তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল।
“পিচে কিছুটা ঘাস ছিল কিন্তু নিউল্যান্ডসের প্রবণতা অনুযায়ী পরে স্পিন হবে ভেবেই প্রথমে ব্যাট করাটা স্বাভাবিক ছিল। আমার মনে হয় না পিচ কেমন হবে তা কেউ আগে থেকে বুঝতে পেরেছিল,” বলেন প্রিন্স।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
