অলস্পোর্ট ডেস্ক: সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট-এর উপর থেকে নির্বাসন তুলে নিয়েছে আইসিসি। তার পরই সেখানে আইসিসির সভা বসার ঘোষণা করে দেওয়া হল। শ্রীলঙ্কায় জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভার আসর বসতে চলেছে। বৃহস্পতিবার দেশের ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো এই তথ্য জানিয়েছেন। ক্রীড়া সংস্থায় সরকারী হস্তক্ষেপের জন্য শ্রীলঙ্কা ক্রিকেটকে স্থগিত করা হয়েছিল। যার ফলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করার সুযোগ হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কার। এই মুহূর্তে সেটি দক্ষিণ আফ্রিকায় চলছে।
“শ্রীলঙ্কা ১৯-২২ জুলাই কলম্বোতে আইসিসির এজিএম আয়োজন করতে পারে। ক্রিকেট এবং পর্যটনের ক্ষেত্রে এটি শ্রীলঙ্কার জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে পারে,” ফার্নান্দো, যিনি পর্যটন মন্ত্রী, একটি বিবৃতিতে বলেছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট তাদের আইসিসি সদস্য পদের নিয়ম পূরণ না করার জন্য নভেম্বরে নির্বাসিত হয়েছিল। বিশেষত, স্বাধীনভাবে বিষয়গুলি পরিচালনা করতে এবং শ্রীলঙ্কায় ক্রিকেটের নিয়ন্ত্রণ ও প্রশাসনে সরকারী হস্তক্ষেপ রোধ করতে ব্যর্থ হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি।
ফার্নান্দোর পূর্বসূরি রোশন রণসিংহে এসএলসিতে দুর্নীতির অভিযোগ এনে একটি অন্তর্বর্তী কমিটি নিয়োগ করেছিলেন। কমিটির প্রধান ছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুনা রানতুঙ্গা।
আইসিসি ঘোষণা করেছিল যে অন্তর্বর্তী কমিটি নিয়োগের জন্য রানাসিংহের পদক্ষেপ তাদের নিয়মের গুরুতর লঙ্ঘন। ডিসেম্বরে ফার্নান্দো রানাসিংহের জারি করা গেজেট বাতিল করার পরে রবিবার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
