Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার এশিয়া কাপ ২০২৫-এ আফগানিস্তানের বিপক্ষে খেলা চলাকালীন শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ওয়েলালাগের ব্যক্তিগত জীবনে বড় বিপর্যয় নেমে আসে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার দুনিথ ওয়েলালাগে তখন বল করছেন, আর ঠিক তখনই দলের খেলা দেখতে দেখতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা সুরঙ্গা ওয়েলালাগে মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা গিয়েছে। যদিও এই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর দুনিথের জন্য অপেক্ষা করছিল এই ভয়ঙ্কর খবরটি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে যেখানে শ্রীলঙ্কার কোচ সনথ জয়াসূর্যকে দেখা যাচ্ছে মাঠে ওয়েলালাগাকে সামলাতে।

ভিডিওতে দেখা যাচ্ছে জয়াসূর্য এবং দুনিথ কথা বলছেন, শ্রীলঙ্কার কোচ খেলোয়াড়ের কাঁধে হাত রেখে কিছু বলছেন, যা দেখে মনে হচ্ছে তাঁর পরিবারের এই মর্মান্তিক ঘটনার কথাই তাঁকে জানানোর পর সান্ত্বনা দিচ্ছেন।

“দুনিথ ওয়েলাগের বাবা, সুরঙ্গা কিছুক্ষণ আগে মারা গেছেন। তিনিও এক সময় ক্রিকেট খেলতেন। আপনি জানেন আমাদের স্কুল ক্রিকেটের জগৎ কত বড়। আমি যখন আমার স্কুল, সেন্ট পিটার্সে অধিনায়ক ছিলাম, তখন তিনি প্রিন্স অফ ওয়েলস কলেজের অধিনায়ক ছিলেন,” সনি স্পোর্টস নেটওয়ার্কে ভাষ্যকার হিসেবে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রাসেল আর্নল্ড বলেন।

“এটা শুনে খুবই খারাপ লাগছে। কিছুক্ষণ আগে দুনিথের কাছে খবরটি পৌঁছেছে। এবং পরিবারের প্রতি আমাদের সমবেদনা। উদযাপন নীরব থাকবে। দলটি একটি কঠিন জায়গা, ড্রেসিংরুম। আশা করি, এটি তাদের বন্ধনে আবদ্ধ করবে এবং সুপার ৪ পর্বে ভালো করতে সাহায্য করবে,” তিনি আরও যোগ করেন।

দুনিথের বাবা সুরঙ্গাও একজন ক্রিকেটার ছিলেন যিনি প্রিন্স অফ ওয়েলস কলেজের নেতৃত্ব দিয়েছিলেন, যদিও তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারেননি। তবে দুনিথের ক্রিকেটার হয়ে ওঠার পিছনে যে তাঁর বাবার বড় ভূমিকা রয়েছে যা নিয়ে কোনও সংশয় নেই। জানা যাচ্ছে যখন তিনি হৃদরোগে আক্রান্ত হন তখন দুনিথের বলে পর পর ছক্কা হাঁকান প্রতিপক্ষ ব্যাপার।

এশিয়া কাপে শ্রীলঙ্কার শেষ গ্রুপ বি খেলায় আফগানিস্তানের বিরুদ্ধে ওয়েলালাগে সেরাটা দিতে পারেননি। এই বোলার ৪ ওভারে ৪৯ রান দিয়ে মাত্র একটি উইকেট নেন। আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান মহম্মদ নবীর তাঁর এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন, যিনি ম্যাচে ২২ বলে ৬০ রান করেন। আফগানিস্তানের সাহসী প্রচেষ্টা সত্ত্বেও, শ্রীলঙ্কা দলই জয় তুলে নিয়েছিল এবং সুপার ফোরে পৌঁছে যায়।

বৃহস্পতিবার ম্যাচ শেষে এই খবর পাওয়ার পরই শ্রীলঙ্কার দুনিথ ওয়েলালাগে এশিয়া কাপ থেকে দেশে ফিরে যান। দিনের প্রথম বিমানে কলম্বোর উদ্দেশ্যে রওনা হন। ২২ বছর বয়সী এই তারকা শনিবার সুপার ৪-এর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবেন কিনা বা সেই টুর্নামেন্টে ফিরবেন কিনা তা স্পষ্ট নয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *