অলস্পোর্ট ডেস্ক: সদ্য ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন শুভমন গিল। অবশ্য আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছেন তিনি। আহমেদাবাদে উড়ে গিয়েছেন ভারতের দ্বিতীয় বিশ্বকাপ ম্যাচের দিনেই। সেখানে তাঁকে প্রাক্টিস করতেও দেখা গিয়েছে মাঠে। আশা করা হচ্ছে ভারত-পাক দ্বৈরথের দিনেই অভিষেক করবেন তিনি। এরইমধ্যে, এদিন একটি নতুন আইসিসি খেতাব নিজের নামে করলেন শুভমন। আইসিসি সেপ্টেমবরের ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ হিসাবে বেছে নিল শুভমন গিলকে। অর্থ্যাৎ, সেপ্টেমবর মাসে দুর্দান্ত সব রেকর্ড গড়ে পুরুষদের মধ্যে সেরা হয়ে গিয়েছেন গিল।
ওডিআইতে গিল তাঁর ব্যাটে ৮০ গড়ে ৪৮০ রান সংগ্রহ করে পিছনে ফেলেছেন ভারতের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ ও ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান ডেভিড মালানকে। এছাড়া গিল এশিয়া কাপ ২০২৩-এও ৭৫.৫ গড়ে মোট ৩০২ রান করেছিলেন। শেষ অস্ট্রেলিয়ার সঙ্গে ওডিআই সিরিজেও ১৭৮ রানের দু’টি অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। সেপ্টেমবরে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর (১২১), আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও (১০৪) সেঞ্চুরি করেন এবং সেপ্টেমবরে মোট তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।
২৪ বছর বয়সী ভারতীয় ওপেনার আইসিসি পুরুষদের ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে দুই নম্বরে রয়েছেন এবং ওয়ানডেতে তাঁর একটি অসাধারণ রেকর্ড রয়েছে, ৩৫টি ম্যাচে ৬৬.১ গড়ে এবং ১০২.৮৪ স্ট্রাইক রেটে ১৯১৭ রান এসেছে তাঁর ব্যাটে।
এদিন সেরা প্লেয়ারের খেতাব জয়ের প্রতিক্রিয়ায়, গিল আইসিসিকে বলেছেন, ‘‘সেপ্টেম্বরে আইসিসি ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ খেতাব জিততে পেরে আমি খুবই আনন্দিত। আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করা এবং দলের জন্য অবদান রাখা একটি বড় সৌভাগ্যের বিষয়। এই পুরস্কার আমাকে আরও অনুপ্রাণিত করবে পরবর্তী ম্যাচগুলিতে আরও ভাল করার জন্য এবং দেশকে গর্বিত করতে আমি প্রস্তুত।’’
শুক্রবার প্রি-ম্যাচ সাংবাদিক বৈঠকে অধিনায়ক রোহিত শর্মাকে গিলের সম্পর্কে জিঞ্জাসা করা হলে তিনি বলেন, ‘‘৯৯ শতাংশ সম্ভাবনা আছে তাঁর (গিল) খেলার। আমরা আগামীকাল নিশ্চিত হব এই ব্যাপারে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
