Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ এবার ভারতীয় দল গঠন নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর । তিনি আশা করেছিলেন ক্যারিবিয়ান সফরে নতুন মুখ দেখতে পাবেন। কিন্তু তা হয়নি। ভারতীয় দল বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের ক্যারিবিয়ান সফরে পাঠিয়েছে। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শুরু থেকে ঝাপিয়ে পড়তে চাইছে ভারত। এমনটাই মনে করছেন গাভাসকর।

মিড ডে’র কলমে কিংবদন্তি এই প্রাক্তন ক্রিকেটার লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আর আগের মতো নেই। গত ১০ বছরে ওদের পরিসংখ্যান দেখলে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, বিশ্ব ক্রিকেটে দাপিয়ে খেলার মতো জায়গায় আর তারা নেই। বিশ্বকাপ খেলতে গেলেও যোগ্যতা অর্জন পর্বে নামতে হচ্ছে। সেখানে জিম্বোবেয়ের মতো দলও হারিয়ে দিচ্ছে। ফলে সেই রকম দলের বিরুদ্ধে সিনিয়র ক্রিকেটারদের পাঠানো আমার মনে হয়ে এটা খুব একটা বুদ্ধির কাজ না। বিসিসিআই যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের বসিয়ে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিত তাহলে নতুনরা তাদের অভিজ্ঞতার সঞ্চার ঘটাতে পারত। আমি জানি না বিসিসিআই কেন তরুণদের কথা ভাবল না।’

শুধু তাই নয়, গত দুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের প্রসঙ্গ টেনে এনে গাভাসকর বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। গত দুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পরও এদের কোনও শিক্ষা হয়নি। সেই একই সিনিয়র ক্রিকেটারদের রেখে দেওয়া হচ্ছে। এমনকী সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে মাত্র ২টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে পাঠানো হচ্ছে। আমি জানি না এটা কার সিদ্ধান্ত। আমার তো মনে হয় শুধু রেকর্ড গড়ার জন্য যাচ্ছে সিনিয়ররা।’

এই ক্যারিবিয়ান সিরিজে কেন বিশ্রাম দেওয়া হল না সিনিয়র ক্রিকেটারদের সেই নিয়েও প্রশ্ন তুলেছেন গাভাসকর। সেই কলমে তিনি লিখেছেন, ‘আগামী কয়েক মাস পরই ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে সিনিয়র ক্রিকেটারদের যাতে কোনও রকম চোট আঘাত না লাগে, তা নিয়ে সতর্ক থাকতে হবে। আমার মতে এই সফরে বিশ্রাম দেওয়া যেতেই পারত সিনিয়রদের। আমার এটাও মাথায় আসছে না বিশ্বাকের দুই মাস আগে কেন টেস্ট সিরিজ। বিশ্বকাপ খেলার ৬ মাস আগে সাদা বলে ফোকাস করতে হয়। কিন্তু এত কম সময়ের মধ্যে দুই ধরণের ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়া খুবই কঠিন।’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *