অলস্পোর্ট ডেস্ক: প্রচন্ড ক্ষুব্ধ সুনীল গাভাস্কার। ভারতের কিংবদন্তী ক্রিকেটার গাভাস্কার একহাত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার সামার জোসেফকে। বুধবার হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে জোসেফের অখোলোয়াড়োচিত আচরণের জন্য। উইকেট লক্ষ্য করে নয়, ভারতীয় দলের ব্যাটার আর্শদীপ সিং কাঁধে চোট পাওয়ার পরও জোসেফ তাঁর শরীর লক্ষ্য করে বল করায়।
জোসেফের বাউন্সারে কাঁধে চোট পান ভারতীয় টেলএন্ডার আর্শদীপ। তা সত্ত্বেও ক্রিজ ছাড়তে চাননি আর্শদীপ। এমনকি ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার তাঁকে অবসর নেওয়ার কথা বললেও। কাঁধে বল লাগার পরে জোসেফের মারমুখী বোলিং এড়াতে আর্শদীপ স্টামপ উন্মুক্ত রেখে সরে দাঁড়ান। জোসেফ তারপরও স্টাম্পে বল লাগানোর চেষ্টা না করে আর্শদীপের চোট পাওয়া কাঁধ লক্ষ্য করে আবার বাউন্সার দেন। ভাগ্যের জোরে সেই বল আর্শদীপের কাঁধ বা শরীরে লাগেনি। বল আর্শদীপ ও ওয়েস্ট ইন্ডিজ উইকেটকিপারের নাগাল এড়িয়ে গেলে ভারত চার রান বাই হিসেবে পায়। সঙ্গে আম্পায়ার ওয়াইড বলের সংকেত দেন। গোটা ওভারটায় আর্শদীপ স্টাম্প থেকে সরে গিয়ে জোসেফকে খেলার চেষ্টা করেন।
ভারত ম্যাচ হারায় যতটা না অখুশি , তার থেকে বেশি চটেছেন গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের পেসার জোসেফের অমানবিক আচরণে। ধারাভাষ্য দেওয়ার সময় গাভাস্কার বলেই ফেলেন, ‘এটা হচ্ছে কী? স্টাম্প খালি পড়ে থাকা সত্ত্বেও জোসেফ কেন আক্রমণ করছে আর্শদীপকে?’
আর্শদীপ অবশ্য কাঁধের চোট নিয়ে বেশিক্ষণ আর ব্যাট করতে পারেননি। ৫ রান করে অবসর নিলে ওয়েস্ট ইন্ডিজ ২৪ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায়। শনিবার বেঙ্গালরুতে ভারতীয় টিম পঞ্চম ও শেষ টি২০ ম্যাচে মোক্ষম জবাব দিতে নিশ্চয়ই মাঠে নামবে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ বোলার জোসেফের এই অখোলোয়াড়োচিত আচরণের, তবে কাঁধের চোটের জন্য আর্শদীপ নিজে খেলতে পারবেন কিনা সিরিজের নিষ্পত্তির ম্যাচে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই হোপের অপারজিত ১০২ রান ও বোলার কিমো পলের ৪১ রানে ৫ উইকেট দখলের সুবাদে ভারতকে হারের মুখ দেখতে হয়। ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ২০ ওভারে ২৪৭-৩ রান তোলে। জবাবে ভারত করে ২২৩-৯। তবে এই হারের জন্য হায়দরাবাদ পিচকে দায়ি করতে নারাজ গাভাস্কার। ভারতীয় দলের ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিকতার অভাবকেই হারের মূল কারণ হিসেবে তুলে ধরেছেন নিজের বক্তব্যে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
