স্মিথকে আউট করার পরিকল্পনা বলবে পূজারা বললেন গাভাসকর। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ ইংল্যান্ডের ওভালে ৭-১১ জুন খেলা হবে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। চূড়ান্ত এই ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এই ফাইনালে দুই দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার হতে চলেছেন ভারতের চেতেশ্বর পূজারা এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এই দুই তারকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি সারতে শেষ কয়েক মাসে কাউন্টি ক্রিকেটে খেলেছেন। দুই তারকাই খেলেছেন আবার একসঙ্গে সাসেক্সের হয়ে। আর এ কথা মাথাতে রেখেই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর মনে করেন একসঙ্গে খেলার সুবাদে স্মিথকে নিয়ে ফাইনালে নিশ্চয়ই আলাদা পরিকল্পনা রয়েছে পূজারার।
প্রসঙ্গত ভারত প্রথম ডব্লুটিসি ফাইনালেও খেলেছিল। সে বার যদিও তাদের হারতে হয়েছিল নিউজিল্যান্ডের কাছে। ২০২১ সালে সেই ফাইনালে হারের জ্বালা ভারত এবার মেটাতে মুখিয়ে রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন আইসিসি ট্রফি জেতেনি ভারত। ২০১৩ সালে তারা শেষবার জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে ১০ বছরের খরা কাটাতে মরিয়া রোহিত বাহিনী। ডব্লুটিসি ফাইনালে ভারতীয় স্কোয়াডে থাকা বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার যখন ব্যস্ত থেকেছেন আইপিএলে খেলতে, তখন পূজারা ব্যস্ত থেকেছেন কাউন্টি খেলতে। যথেষ্ট ভালো ফর্মে ব্যাটিং করেছেন তিনি। সাসেক্সকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর তাই সুনীল গাভাসকর মনে করছেন ডব্লুটিসি ফাইনালে পূজারার অভিজ্ঞতা ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।
স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে গাভাসকর বলেছেন, ‘পূজারা দীর্ঘদিন ইংল্যান্ডে ক্রিকেট খেলছে। ফলে এখানকার ২২ গজ ওর কাছে খুব পরিচিত। ও জানে কোন উইকেট কেমন খেলতে পারে। ফলে ওভালের উইকেট কেমন খেলবে না খেলবে সেই বিষয়ে ওঁর ধারণা স্পষ্ট। ওভালে হয়তো পূজারা খেলেনি। সাসেক্স লন্ডন থেকে খুব বেশি দূরে নয়। আমি নিশ্চিত সমস্ত বিষয়ের উপর ও নজর রেখেছে। ফলে ওর অভিজ্ঞতা ব্যাটিং ইউনিটের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অধিনায়কত্বের বিষয়ে ওর সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ও কিন্তু দলকেও (সাসেক্স) নেতৃত্ব দিয়েছে। আমি নিশ্চিত ও স্টিভ স্মিথের সঙ্গে একসঙ্গে খেলেছে ফলে স্মিথের বিরুদ্ধে নিশ্চয় আলাদা কিছু পরিকল্পনা রয়েছে তাঁর। কারণ এই মুহূর্তে অস্ট্রেলিয়ান তারকা কিন্তু আবার পূজারার সতীর্থও বটে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
