অলস্পোর্ট ডেস্ক: আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে হাইভোলটেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত। কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার চান ওই ম্যাচে পেসার আর্শদীপের জায়গায় ভারতীয় দলে খেলানো হোক স্পিনার ওয়াশিংটন সুন্দরকে। চলতি টি২০ বিশ্বকাপে ওয়াশিংটন এখনও কোনও ম্যাচ খেলেননি। কিন্তু গাভাস্কার মনে করেন, বরুণ চক্রবর্থী ও অক্ষর প্যাটেলের পাশে অতিরিক্ত স্পিনার হিসেবে ওয়াশিংটনের অন্তর্ভুক্তি ভারতীয় দলের বোলিং শক্তির ধার আরও বাড়াবে।
প্রথম ২ ম্যাচে বাঁহাতি পেসার আর্শদীপ ৩ উইকেট নিয়েছেন। তবু ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে সুনীল গাভাস্কারের এই ধরনের ইচ্ছাপ্রকাশের পেছনে জোরালো যুক্তি আছে। আসলে কলম্বোর পিচ স্পিন সহায়ক হবে ভেবেই তাঁর বক্তব্য, ‘ মনে হচ্ছে পিচে বল ঘুরবে। তাই চাই ভারতীয় দলের বোলিং শুরু করুক যশপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়া জুটি। দলে দুই স্পিনার বরুণ ও অক্ষরের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে প্রথম একাদশে থাকুক ওয়াশিংটন সুন্দর। বোলিংয়ের পাশাপাশি ৮ নম্বরে ব্যাট করতে নেমে মূল্যবান রান যোগ করার ক্ষমতা রাখে অলরাউন্ডার সুন্দর। তাই টিম ম্যানেজমেন্টকে বলব পিচের চরিত্রটা ভাল করে বুঝে পাকিস্তান ম্যাচের জন্য প্রথম একাদশ যেন বাছে।’
পাকিস্তানের স্পিনার উসমান তারিককে নিয়ে অনেক কথা হচ্ছে। এমনও বলা হচ্ছে, উসমান ভারতীয় ব্যাটারদের ঝামেলায় ফেলতে পারেন। সুনীল গাভাস্কার এটা মানতে নারাজ। বরং তিনি মনে করেন উসমানকে এত ভাবার কিছু নেই। বলেন, ‘ এর আগে ভারতীয় দল আবরার আহমেদকে খেলেছে। তার বিরুদ্ধে খেলতে কোনও অসুবিধা হয়নি ভারতীয় ব্যাটারদের। উসমান তারিক নতুন, তাছাড়া আমি যতটুকু শুনেছি, উসমান নিজের দলের পাকিস্তান ব্যাটারদের নিজের স্পিন বোলিংয়ে সমস্যায় ফেলতে পারে না। তবে পিচ যদি অতি বেশি স্পিন সহায়ক হয়, বল পিচে পড়ে প্রচন্ড ঘোরে বা লাফায় , তাহলে ব্যাটারদের সমস্যা হবেই। সেটা উসমান বা যেই হোক না কেন।
উসমানের বোলিং অ্যাকশন নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ডানা মেলেছে। তবে রবিবারের মেগা ম্যাচের আগে এসব নিয়ে ভাবছেন না ভারতীয় ক্রিকেটাররা। তাঁরা ফোকাস করছেন শুধু নিজেদের ভাল খেলায়। পাকিস্তানের বোলিং আক্রমণের মোকাবিলা করে বড় রান তোলার লক্ষ্যে অবিচল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
