Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: চেন্নাইয়ের এই মাঠেই বসতে চলেছে আইপিএল ২০২৪-এর ফাইনাল। প্রথম ফাইনালিস্ট আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। তার পর থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে, কে হবে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ? সেই লক্ষ্যেই শুক্রবার চিপকে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। এদিন টস জিতে প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। এই হায়দরাবাদ প্রথম কোয়ালিফায়ারে কলকাতার কাছে হেরেই দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে নেমেছিল। অন্যদিকে বেঙ্গালুরুকে হারিয়ে হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল রাজস্থান। দুই দলেরই পাখির চোখ ছিল আইপিএল ২০২৪ ফাইনাল। শেষ পর্যন্ত আগামী ২৬ মে চেন্নাইয়ের মাটিতে ১২ বছরের রেকর্ডকে ফিরে দেখতে কলকাতাকে হারাতে হবে হায়দরাবাদকে। এই নিয়ে এই মরসুমে তিনবার মুখোমুখি হবে এই দুই দল। প্রথম দু’বার জয় তুলে নিয়েছিল কেকেআর। এবার ফাইনালের লড়াইটা সহজ হবে না ফর্মের তুঙ্গে থাকা নাইটদের জন্যও।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭৫-৯-এ থামে হায়দরাবাদ। সেই সময় মনে হচ্ছিল রাজস্থান সহজেই এই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যাবে। যদিও এই মরসুমে শুরু থেকেই লিগ শীর্ষে থেকেছে রাজস্থান। দীর্ঘ সময় ধরে রেখেছে সেই জায়গা। সে কারণে তাদের ঘিরে প্রত্যাশা তো থাকবেই। কিন্তু তাতে জল ঢেলে দিল সানরাইজার্স বোলাররা।

এদিন হায়দরাবাদের হয়ে ওপেন করতে নেমে ত্রাভিস হেড ৩৪ ও অভিষেক শর্মা ১২ রান করে আউট হয়ে যান। এর পর রাহুল ত্রিপাঠী ১৫ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলকে কিছুটা ভরসা দেন। আইদেন মারক্রাম এদিন মাত্র ১ রান করেই ফিরে যান। এর পর দলের ব্যাটিংয়ের হাল ধরেন হেনরিক ক্লাসেন। ৩৪ বলে ৫০ রান করেন তিনি। এছাড়া নীতিশ কুমার ৫, আব্দুল সামাদ ০,শাহবাজ আহমেদ ১৮, জয়দেব উনাদকট ৫ রান করে আউট হন। অধিনায়ক প্যাট কামিন্স ৫ রানে অপরাজিত থাকেন।

রাজস্থানের হয়ে বল হাতে দারুণ সফল ট্রেন্ট বোল্ট ও আভেশ খান। দু’জনেই তিনটি করে উইকেট নেন। দুই উইকেট নেন সন্দীপ শর্মা। ১৭৬ রানের লক্ষ্যে রাজস্থানের ব্যাটিং শুরু থেকেই দুর্বল ছিল। ওপেনার যশস্বী জয়সওয়াল শুরুটা ভালই করেছিলেন কিন্তু ৪২ রান করে আউট হয়ে যান তিনি। এর পর টম কোহলার ১০, অধিনায়ক সঞ্জু স্যামসন ১০ ও রিয়ান পরাগ ৬ রান করে আউট হয়ে যান। যে সঞ্জু, রিয়ান, যশস্বীরা পুরো মরসুমে দারুণ পারফর্মেন্স দিয়ে দলকে এই পর্যায়ে তুলে আনলেন এদিন তাঁরা সেই দাপট দেখাতে পারলেন না।।

এর পর একাই লড়াই শুরু করেন ধ্রুব জুড়েল। কিন্তু তাঁকে সমর্থন করার মতো কেউ ছিলেন না। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। তার পর রবিচন্দ্রন অশ্বিন ০, শিমরন হেটমেয়ার ৪, রোভমান পাওয়েল ৬ রান করে আউট হয়ে যান। হায়দরাবাদের হয়ে তিন উইকেট নেন শাহবাজ আহমেদ। দুই উইকেট নেন অভিষেক শর্মা। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও টি নটরাজন। যে আশা পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দেখিয়েছিলেন ধ্রুব জুড়েল তাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ব্যর্থ দলের লোয়ার অর্ডার। ৩৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকলেন ধ্রুব। কিন্তু ২০ ওভারে ১৩৯-৭-এই থামতে হল রাজস্থানকে। ৩৬ রানে জিতে আরও একবার কলকাতার মুখোমুখি হায়দরাবাদ। এবার ফাইনাল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *