Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। আইপিএলও খেলেন না। বলা ভালো সব ধরণের ক্রিকেট থেকে এই মুহূর্তে বাইরে রয়েছেন সুরেশ রায়না । ফলে অবসর চুটিয়ে উপভোগ করছেন ভারতীয় দলের প্রাক্তন এই তারকা ক্রিকেটার। তবে এবার জানা গেল অন্য কথা। সিনেমা তৈরি করছেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার। যেখানে নাকি তিনি গানও করবেন।

কিছুদিন আগেই নেদারল্যান্ডসের আমস্টারডামে ভারতীয় রেস্তোরাঁ চালু করেন রায়ন। সেই রেস্তোরাঁয় ভারতী খাবারে ভরপুর। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। এবার সিনেমা করার কথা নিজে মুখেই জানিয়েছেন তিনি। প্রাক্তন এই ক্রিকেটার জানিয়েছেন, ‘আমার কাছে একটি সিনেমা রয়েছে। আমি পরিকল্পনা করছি আগামী বছর যাতে তা মুক্তি করা যায়।’

কোন ভাষায় সেই সিনেমাটি হচ্ছে। বা তাতে কারা অভিনয় করছেন, সেই বিষয়ে খোলসা করে বলেননি তিনি। তবে এই ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন রায়না। পাশাপাশি এই ছবির জন্য গানও গাইতে দেখা যাবে প্রাক্তন ক্রিকেটারকে। সেই প্রস্তুতিও সেরে ফেলেছেন রায়না। তবে এই সিনেমাটি ঠিক কী বিষয় নিয়ে হতে চলেছে, তা প্রকাশ্যে এনেছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার। তিনি জানিয়েছেন, ‘একটি মধ্যবিত্ত পরিবারের ছেলের গল্প। যেখানে থাকবে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা কতটা দায়িত্ব নেয়। এবং তাদের কষ্টকর জীবন জাপন।’ যদিও ছবির নাম এবং এখানে কাকে অভিনয় করতে দেখা যাবে তা তিনি প্রকাশ করেননি। মনে করা হচ্ছে কোনও ওটিটি প্ল্যাটফর্ম বা ইউটিউবে মুক্তি পেতে পারে ছবিটি। পাশাপাশি এও মনে করা হচ্ছে হিন্দিতেই এই ছবিটি হবে। তবে এই ছবিটির পরিচালনার দায়িত্বে রায়না থাকবেন নাকি অন্য কোনও পরিচালক থাকবেন সেই বিষয়ও কিছু জানানো হয়নি।

তবে রায়না এটা জানিয়েছেন, ‘জাতীয় দলের হয়ে খেলার সময় দেশে বিদেশে ঘুরে বেড়াতো হত। পরিবারকে ঠিক ঠাক সময় দিতে পারতাম না। তবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অনেক সময় পেয়েছি। তখন আমি মনে করছি, জীবন একটাই, তাই সব সুযোগই একবার করে কাজে লাগাতে চাই।’ ইতিমধ্যেই তিনি রেস্তোরাঁ খুলেছেন। এবার সিনেমা পরিচালনা করবেন। স্বাভাবিক ভাবেই নতুন রায়নাকে দেখতে চলেছে ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *