Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শুরুটা এতটাই ভালো হয়েছিল যে পর পর উইকেটের পতন ভারতের দলগত রানের উপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি। টি২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে এক লাখ ৩২ হাজারের ভর্তি স্টেডিয়ামের সামনে ভারতের টপ থ্রি নিজেদের নামের পাশে হাফসেঞ্চুরি লিখে নিলেন। আর তার মধ্যে অন্যতম অভিষেক শর্মার টি২০ বিশ্বকাপের নকআউট পর্বে দ্রুততম হাফসেঞ্চুরি। ততক্ষণে ভারত ২০০ রানের গন্ডি পেরিয়ে গিয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বড় স্কোরের জন্য বিখ্যাত। এটা জেনেই টস হেরে প্রথমে ব্যাটিংকে স্বাগত জানিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। যদিও স্বয়ং অধিনায়ক রানের খাতা না খুলে প্রথম বলেই ফিরে গেলেন প্যাভেলিয়নে। শেষ ওভারে দুবে ঝড়ে উড়ে গেলেন নিউজিল্যান্ডের এক ওভারে তিন উইকেট নেওয়া বোলার। ভারত থামল ২৫৫-৫-এ।

ভারতের তৃতীয় উইকেট যখন পড়ল ততক্ষণে ভারত ২০৪ রান করে ফেলেছে। দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন টি২০ বিশ্বকাপের ফাইনালে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডের পাশাপাশি দলকে ৯৮ রানে পৌঁছে দিয়েছিল। অভিষেক ফিরলেন ২১ বলে ৫২ রান করে। সঞ্জু স্যামসন যে দলের জন্য পুরোটা নিয়োজিত তা তাঁর রান দেখলেই বোঝা যাবে। পর পর তিনবার সেঞ্চুরির কাছে পৌঁছে থামলেন তিনি। তবে অতীতে তিনি জানিয়েছিলেন, এটা নিয়ে তিনি হতাশ নন। এদিনও ফিরলেন ৮৯ রানে। ৪৬ বলে ৮৯ রান করলেন তিনি। তিন নম্বরে নেমে দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ের পথেই হাঁটলেন ঈশান কিষাণও।

হাফ সেঞ্চুরি এল তাঁরও ব্যাট থেকে। ২৫ বলে ৫৪ রানের ইনিংস খেললেন তিনি। সূর্যকুমার প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়লেন। এক কথায় অসাধারণ ক্যাচ। মনে করা হচ্ছিল সহজেই ২৫০ রানের গন্ডি পেরিয়ে যাবে ভারত কিন্তু পর পর উইকেট হারিয়ে রানের গতি কিছুটা থমকে গেল। ১৬তম ওভারে তিন উইকেট হারাল ভারত। জেমস নিশাম ওভারের প্রথম বলে ফেরালেন সঞ্জু স্যামসনকে। এর পর পঞ্চম ও ষষ্ঠ বলে ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবকে। এদিন নিজের সেরাটা দিতে পারলেন না হার্দিক পাণ্ড্যেও। ১৮ রান করে ফিরে গেলেন তিনি। সেরা ছন্দে ছিলেন না। এবার দায়িত্ব ছিল তিলক ভার্মা ও শিভম দুবের উপর। দু’জনেই পুরো বিশ্বকাপে লোয়ার অর্ডারে নেমে দাপট দেখিয়েছেন।

শেষ ওভারে আবার বল করতে এলেন এক ওভারে তিন উইকেট নেওয়া নিশাম। শেষ ওভার ছিল উত্তেজনার। প্রথম বলেই দুবের ক্যাচ ফেললেন কিউই অধিনায়ক। বল চলে গেল বাউন্ডারিতে। পরের দুই বলে পর পর ছক্কা হাঁকালেন। তার পরের বলে আবার বাউন্ডারি। বাউন্ডারি হাঁকিয়েই ইনিংস শেষ করলেন। ৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকলেন। ৮ রানে অপরাজিত থাকলেন তিলক ভার্মা। বুঝিয়ে দিলেন তাঁর ক্যাচ ফেলা বড় ভুল যে কোনও প্রতিপক্ষের জন্য। ভারতকে ২৫০ রানের গন্ডি পার করেই দিলেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট নিলেন জেমস নিশাম। একটি করে উইকেট ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্রর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *