Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এক মাসের রোমাঞ্চকর ক্রিকেট উৎসবের পর, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অবশেষে শেষ দিনে এসে পৌঁছেছে। রবিবার আহমেদাবাদে ফাইনালে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। মুম্বইয়ে এক উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে সূর্যকুমার যাদব এবং তাঁর দল ইংল্যান্ডকে সাত রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে, অন্যদিকে ব্ল্যাকক্যাপস কলকাতায় দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। রেকর্ড-ব্রেকিং তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের এটি চতুর্থ উপস্থিতি। অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের প্রথম ট্রফির লক্ষ্যে দ্বিতীয় ফাইনাল খেলবে।

তবে রবিবার ভারত ও নিউজিল্যান্ড টি২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে খেলতে নামার আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসতে চলেছে সমাপনী অনুষ্ঠানের আসর। যেখানে মঞ্চ মাতাবেন দেশ, বিদেশের বিখ্যাত সব তারকারা। সেই তালিকায় রয়েছেন, প্রখ্যাত পুর্তো রিকান গায়ক রিকি মার্টিন, বলিউড ও পঞ্জাবি গায়ক সুখবীর এবং বিখ্যাত গুজরাটি লোকগায়িকা ফাল্গুনী পাঠক। তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তুতি শেষ। এবার শুরু মঞ্চ মাতানোর অপেক্ষা।

যদিও আহমেদাবাদের এই স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ভারতের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। ২০২৩ একদিনের বিশ্বকাপের পুরো পর্বে অসাধারণ খেলা, অপরাজিত ভারত মুখ থুবড়ে পড়েছিল এই স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারের মুখ দেখতে হয়েছিল বিরাট, রোহিতদের ভারতকে। তার পর অবশ্য টি২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল এই ভারতীয় দল। এবার সেই ট্রফিই ধরে রাখার পালা। যার জন্য প্রস্তুত সূর্যকুমারের ভারতীয় দল। একটাই কাঁটা অভিষেক শর্মার ফর্ম। এই বিশ্বকাপে একটি ম্যাচ ছাড়া সব ম্যাচেই দলে ছিলেন তিনি। শূন্য রানের হ্যাটট্রিকের পর একটা হাফসেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। এর পরও ফাইনালে তাঁকে দলে রাখা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠলেও টিম ম্যানেজমেন্ট তাঁকে রেখেই দল সাজাতে প্রস্তুত।

এই বিশ্বকাপ ফাইনালকে ঘিরে রীতিমতো নিরাপত্তার ঘেরাটোপে ঢেকে ফেলা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই উপলক্ষ্যে ইতিমধ্যেই  বিলাসবহুল হোটেলে ৬০০০ রুম বুক করা হয়েছে।  ৮০টি ব্যক্তিগত জেট যাতায়াত করবে। ২৩টি ফ্লাইট ইতিমধ্যেই বুক করা হয়েছে।  বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই ইভেন্টের সাক্ষী থাকতে দেশ, বিদেশের শীর্ষ ব্যক্তিত্বরা হাজির থাকবেন। অম্বানী, মিত্তলদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ, বলিউড তারকারাও যে এদিন উপস্থিত হবেন তা নিয়েও কোনও সন্দেহ নেই।

রাত সাতটায় খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড। তাঁর আগে বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে অনুষ্ঠান। দর্শকরা আশা করা যায় অনেক আগে থেকেই গ্যালারি ভরাবেন। কারণ এক টিকিটে রিকি মার্টিন থেকে ফাল্গুনী পাঠক আবার ভারত বনাম নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনাল। এই সুযোগ কেউ ছাড়তে চাইবে না। যা দেখার জন্য আহমেদাবাদ জুড়ে টিকিটের হাহাকার চলছে। কেউ যদি তাঁর কেনা টিকিটটা কোনও কারণে ছেড়ে দেন। রাত পোহালেই সেই দিন। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *