তামিম ইকবাল
অলস্পোর্ট ডেস্ক: বাংলাদেশ একদিনের ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল একদিন আগেই অবসর ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। গোটা বাংলাদেশের জন্য যা ছিল চমক। নিজেই সাংবাদিক সম্মেলনে বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এই মুহূর্তে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চলছে বাংলাদেশের। কয়েকমাস পরই বিশ্বকাপ। তার আগে তামিমের অবসর চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটকে। কিন্তু রাত পোহাতেই বদলে গেল চেহারাটা। তার আগেই অবশ্য আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের বাকি ম্যাচের জন্য লিটন দাসকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল।
এদিন তামিম দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তামিমের সঙ্গে ছিলেন মাশরাফি মুর্তাজা। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হওয়ার পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় তামিম। তবে আপাতত দেড় মাসের ছুটি নিয়েছেন তামিম। ফিরে এসে এশিয়া কাপে খেলবেন তিনি। আশা করা যায় বিশ্বকাপও খেলবেন তিনি।
এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন এবং সেই ম্যাচে ৫৪৬ রানের রেকর্ড জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। দেশের অধিনায়কত্ব করার অভিজ্ঞতাই রয়েছে তাঁর। সেটাকেই তামিমের অবর্তমানে কাজে লাগাতে চাইছে বোর্ড। একদিনের দলের অধিনায়কত্ব পাওয়ার পর লিটন বলেন, বাংলাদেশ দল সবসময় ভবিষ্যত নিয়ে ভাবে, ফলে শনিবারের ম্যাচ নিয়ে তারা বেশি মনোযোগী।
তিনি বলেন, ‘‘আমরা তাঁকে মিস করব কিনা বলা মুশকিল। আজ আমি চোট পেলেও দল আমাকে মিস করবে না। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, নতুনরা আসতেই থাকবে। একদিন আমরাও চলে যাব। ‘যেহেতু তিনি এখানে নেই, তাই আমাদের তাঁর বিষয়ে বেশি কথা বলা উচিত নয়।’’
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে ১৭ রানে হারের পরই সাংবাদিক সম্মলনে এসে অবসর ঘোষণা করে দেওয়া হয়। চট্টগ্রামে তামিমের আবেগঘন সাংবাদিক সম্মেলন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান তাঁর সমালোচনাও করেন। তাঁর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে নাজমুল বলেন, তিনি যখন ১০০ শতাংশ ফিট নন, তাহলেও কেন ম্যাচ খেলতে নামলেন।
এদিকে লিটনও স্বীকার করে নিয়েছেন, তামিমের সিদ্ধান্ত দলকে অবাক করেছে। তিনি বলেন, ‘‘ আমরা কেউ বুঝতে পারিনি যে এমন সিদ্ধান্ত আসতে চলেছে। এত বছর তিনি বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছেন এবং দলের নেতৃত্ব দিয়েছেন। আমি এবং দলের সবাই তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই।
ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচটি ১১ জুলাই চট্টগ্রামে হবে। ১৪ ও ১৬ জুলাই সিলেটে টি-২০ ম্যাচ দিয়ে আফগানিস্তান তাদের বাংলাদেশ সফর শেষ করবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
