Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ তামিম ইকবালের মুখে ঝরে পড়ছে একরাশ আক্ষেপ টি২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল না খেলার জন্য। বাংলাদেশ সরকার আগের বোর্ড ভেঙে দিয়ে নতুন অন্তর্বর্তীকালীন ক্রিকেট বোর্ড গঠন করেছে। আর তার মাথায় বসিয়েছে বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে। তাঁর মতে, আগের বোর্ড সদস্যদের ভুল পদক্ষেপের কারণে বাংলাদেশের ক্রিকেটাররা টি২০ বিশ্বকাপের মতো একটা বড় মঞ্চে খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। যে সমস্যাটা তৈরি হয়েছিল, সেটা মেটানো যেত আলোচনার মাধ্যমে। আইসিসি আলোচনার সেই পথ খোলা রেখেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকা তৎকালীন কর্তারা ব্যাপারটা নিয়ে ঠিকমতো ব্যবস্থা নিলে ক্রিকেটারদের টি২০ বিশ্বকাপে খেলার সুযোগ হারাতে হত না।

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুরকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(‌বিসিসিআই)‌ বাদ দেওয়ার নির্দেশ নিয়ে বিতর্কের শুরু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (‌বিসিবি)‌ তৎকালীন কর্তারা এর তীব্র প্রতিবাদ করেই থেমে থাকেননি। তাঁরা জানান, বাংলাদেশ ক্রিকেট দল ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপের কোনও ম্যাচ খেলবে না। বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কার মাঠে সরাতে হবে। আইসিসি এই আবেদনে সাড়া দেয়নি। বরং শেষপর্যন্ত ভারতের মাটিতে বাংলাদেশ না খেলার ব্যাপারে অনঢ় থাকায়, তাদের বদলে স্কটল্যান্ডকে টি২০ বিশ্বকাপে খেলার সুযোগ দেয়।

এনিয়ে বিসিবির বর্তমান কর্তা তামিম ইকবালের প্রতিক্রিয়া, ‘‌ আমিই প্রথম টি২০ বিশ্বকাপে বিসিবির না খেলার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলাম। বিসিবি চাইলে সেসময় তৈরি হওয়া সমস্যাটা অন্যভাবে মেটাতে পারত। আইসিসি আলোচনার রাস্তা খোলা রেখেছিল। ভুললে চলবে না ১৯৯৬-‌৯৭ মরশুমের কথা। ওইসময় কেনিয়াকে ফাইনালের হারিয়ে আইসিসি ট্রফি জিতে আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করেছিলাম। গোটা বাংলাদেশ জুড়ে সেদিন ছিল উৎসবের পরিবেশ। রাস্তায় জনতার ঢল নেমেছিল। আমার বাড়ি রঙিন হয়ে গিয়েছিল। বাংলাদেশের সেই সাফল্য গোটা দেশের নবীন প্রজন্মকে ক্রিকটমুখী করে তোলে। সকলেই তখন মিনাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ, আক্রম খান হয়ে ওঠার স্বপ্ন দেখা শুরু করে। আর সেই বাংলাদেশ এবার টি২০ বিশ্বকাপ খেলার সুযোগ হেলায় নষ্ট করল হঠকারি মনোভাবের কারণে। এটা ভেবেই কষ্ট হচ্ছে, বর্তমান ক্রিকেট দলের এমন অনেকেই হয়ত আর পরের বিশ্বকাপে আর খেলার সুযোগ পাবে না। তাদের ক্রিকেট জীবনে একটা শূণ্যতা রয়ে গেল। এটা আমার ভাল লাগেনি।’‌

টি২০ বিশ্বকাপে না খেলা নিয়ে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে যে সুসম্পর্কে ফাটল ধরেছিল, তা মেটানোয় বিশেষ উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল। তিনি বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী আগের মতো সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে। তামিম জানিয়ছেন, ‘‌ আইপিএলে মিঠুন মানহাস ও আমি একদলে খেলেছিলাম। মিঠুন মানহাস বাংলাদেশে এসে ঢাকা লিগে অনেকবার খেলেছিলেন। এখনও পর্যন্ত তাঁর সঙ্গে সামনি সামনি আলোচনার টেবিলে বসার সুযোগ হয়নি। তবে বিসিসিআইকে জানাতে চাই, বাংলাদেশের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কা নেই। আর ভারতীয় দলের জন্য এনিয়ে সমস্যা কোনওদিন ছিল না, এখনও নেই। যখনই ভারতে এখানে খেলতে আসে, তখনই মাঠে তিলধারনের জায়গা থাকে না। ভারত-‌বাংলাদেশ ম্যাচ মানেই একটা আলাদা উন্মাদনা গোটা দেশ জুড়ে। তাই চাইব যত তাড়াতাড়ি সম্ভব সব বিতর্ক মিটিয়ে দু’‌দেশের মাঝে ক্রিকেট মাঠের লড়াইটা আবার শুরু করা।’‌‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *