ছবি— কেকেআর এক্স
অলস্পোর্ট ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। ঝড়, বৃষ্টির পূর্বাভাস ছিলই, তবে ম্যাচ পুরো ভেস্তে যাবে এমনটা হয়তো কেউ ভাবেনি। প্রায় ৩০ হাজারের গ্যালারিকে হতাশ হয়েই ফিরতে হল সোমবারের ইডেন গার্ডেন থেকে। বৃষ্টিবিঘ্নিত আইপিএল ২০২৬-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস-এর মধ্যের ম্যাচটি রাত ১১টা নাগাদ পরিত্যক্ত ঘোষণা করা হল। এদিন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন, কিন্তু মাত্র ৩.৪ ওভার খেলা হওয়ার পরেই প্রবল ঝড়, বৃষ্টি শুরু হয় কলকাতা জুড়ে। কেকেআর-এর শুরুটা যদিও অত্যন্ত হতাশার ছিল, মাত্র ২৫ রানেই ২ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল শাহরুখের দল। দ্বিতীয় ওভারেই পঞ্জাবের জেভিয়ার বার্টলেটের বোলিংয়ে প্যাভেলিয়নে ফেরেন দলের দুই বিদেশি তারকা ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন।
এই ম্যাচের আগে পর্যন্ত কোনও পয়েন্ট পায়নি কলকাতা, ম্যাচ হলে কী হত বলা মুশকিল কিন্তু ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় উভয় দলই ১ পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। যার ফলে কেকেআর-এর ঝুলিতে জমা হল মরসুমের প্রথম পয়েন্ট। অন্যদিকে, এই ফলাফলের সুবাদে পঞ্জাব কিংস সাময়িকভাবে আইপিএল ২০২৬-এর পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিল।
আপাতত পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি দখল করে নিয়েছে পঞ্জাব কিংস। আইপিএল ২০২৬-এ এখন পর্যন্ত তারা অপরাজিত রয়েছে। তিনটি ম্যাচের মধ্যে দু’টি জয় এবং একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের সংগ্রহে রয়েছে মূল্যবান পয়েন্ট। আজকের ম্যাচে মাত্র ৩.৪ ওভারের খেলায় জেভিয়ার বার্টলেটের নেতৃত্বে পঞ্জাবের বোলাররা পাওয়ার-প্লে-তে দুর্দান্ত বোলিং করে কলকাতাকে শুরুতেই ধাক্কা দিয়েছিল। ম্যাচ পুরো হলে বিপদ হতেই পারত কলকাতার। নাইট রাইডার্স শিবিরে এখন সমস্যার পাহাড়।
Sights of Eden in 🌧️💜 pic.twitter.com/iBj1uv7HAf
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2026
এই ম্যাচ ছিল দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, যাঁর নেতৃত্বে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা এদিন তাঁর নেতৃত্বেই খেলতে নেমেছিল পঞ্জাব। দলকে চ্যাম্পিয়ন করলেও পরের মরসুমে কেকেআর ছেড়ে পঞ্জাবে যোগ দিয়েছিলেন শ্রেয়াস। সেখানে যোগ দিয়েই পঞ্জাবকে ফাইনালে তুলেছিলেন গত মরসুমে। এদিকে দল ছাড়ার কারণ হিসেবে সরাসরি কোনও অভিযোগ না জানালেও ইঙ্গিত দিয়েছিলেন যথাযথ সম্মান না পাওয়ার। এদিন সেই দলের বিরুদ্ধে সেই চেনা মাঠে ছিল অন্য লড়াই। অন্যদিকে কলকাতার কাছে ছিল নিজেদের প্রমান করার লক্ষ্য। যার কোনওটাই হল না। বৃষ্টি সব ভেস্তে দিল ঠিকই তবে এক দলকে প্রথম পয়েন্ট পাইয়ে দেওয়ার পাশাপাশি, আর এক দলকে লিগ টেবলের শীর্ষে জায়গা করে দিল প্রকৃতি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
