অলস্পোর্ট ডেস্ক: ভারতের ১৪ বছর বয়সী ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী ৮৪ বলে এক অসাধারণ ১৯০ রানের ইনিংস খেলে নিজের পাশাপাশি দলকেও রেকর্ডে পৌঁছে দিয়েছেন। যার ফলে বিহার একটি লিস্ট ‘এ’ ম্যাচে সর্বোচ্চ দলীয় স্কোরের ‘বিশ্ব রেকর্ড’ ভেঙে দিয়েছে। বুধবার অরুণাচল প্রদেশের বিপক্ষে খেলতে নেমে বিহার ২০২২ সালে অরুণাচলের বিপক্ষেই তামিলনাড়ুর করা ৫০৬/২ রানের স্কোরকে ছাড়িয়ে যায় এবং ৫৭৪/৬ রানের ‘বিশ্ব রেকর্ড’ ইনিংস স্কোর করে তালিকার শীর্ষস্থান পৌঁছে যায়। সূর্যবংশী এই ‘বিশ্ব রেকর্ড’ স্কোরের ভিত্তি স্থাপন করলেও, পীযূষ কুমার সিং (৭৭), আয়ুষ লোহারুকা (১১৬) এবং সাকিবুল গনি (১২৮)-এর মতো খেলোয়াড়রাও দলকে এই লক্ষ্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সূর্যবংশীই বিহারের হয়ে পাওয়ারপ্লেতে আক্রমণের নেতৃত্ব দেন এবং নির্ভীক ব্যাটিংয়ের নজির রাখেন, যা তাঁকে কার্যত অপ্রতিরোধ্য করে তুলেছিল। সূর্যবংশী মাত্র ৩৬ বলে তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন, যা একজন ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম। ৮৪ বলে ১৫টি ছক্কাসহ শ্বাসরুদ্ধকর ১৯০ রান করে তিনি যখন আউট হন, ততক্ষণে বিহার মাত্র ২৭ ওভারে ২৬০ রান অতিক্রম করে ফেলেছিল।
১৯০ রানের ইনিংস খেলার পথে সূর্যবংশী একাধিক বিশ্ব রেকর্ড ভেঙেছেন। তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন এবং এই ফর্ম্যাটে দ্রুততম ১৫০ রান করার ক্ষেত্রে এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডও ভেঙেছেন।
রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যানের বিদায়ের পর, রানের গতি ধরে রাখার দায়িত্ব উইকেটরক্ষক-ব্যাটসম্যান আয়ুষ লোহারুকার কাঁধে এসে পড়ে, যিনি ৩৫ বলে হাফসেঞ্চুরি করার পর অবিশ্বাস্যভাবে দ্রুতগতিতে রান তুলতে শুরু করেন। শেষ পর্যন্ত তিনি ৫৬ বলে ১১৬ রান করে আউট হন।
অরুণাচল প্রদেশের যে বোলারকেই আনা হচ্ছিল, তাঁর ভাগ্য একই রকম জায়গায় পৌঁছে যাচ্ছিল, বল হয় গ্যালারিতে উড়ে যাচ্ছিল অথবা কভারের মধ্যে দিয়ে বাউন্ডারিতে চলে যাচ্ছিল।
লিস্ট এ-র ইতিহাসে শীর্ষ ১০টি সর্বোচ্চ দলীয় স্কোর:
১) ৫৭৪/৬ – বিহার বনাম অরুণাচল প্রদেশ (রাঁচি, ২০২৫)
২) ৫০৬/২ – তামিলনাড়ু বনাম অরুণাচল প্রদেশ (বেঙ্গালুরু, ২০২২)
৩) ৪৯৮/৪ – ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস (আমস্টেলভিন, ২০২২) – ওয়ানডেতে বিশ্ব রেকর্ড
৪) ৪৮১/৬ – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (নটিংহ্যাম, ২০১৮)
৫) ৪৫৮/৪ – ভারত এ বনাম লেস্টারশায়ার (লেস্টার, ২০১৮)
৬) ৪৫৩/৩ – টাইটান্স বনাম নর্থ ওয়েস্ট (পচেফস্ট্রুম, ২০২২)
৭) ৪৪৫/৮ – নটিংহ্যামশায়ার বনাম নর্দাম্পটনশায়ার (নটিংহ্যাম, ২০১৬)
৮) ৪৪৪/৩ – ইংল্যান্ড বনাম পাকিস্তান (নটিংহ্যাম, ২০১৬)
৯) ৪৪৩/৯ – শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস (আমস্টেলভিন, ২০০৬)
১০) ৪৩৯/২ – দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (জোহানেসবার্গ, ২০১৫)
লোহারুকার বিদায়ের পর মিডল অর্ডারে গনির সঙ্গে যোগ দেন বিপুল সৌরভ। গনি মাত্র ৩২ বলে সেঞ্চুরি করেন, যা একজন ভারতীয় হিসেবে দ্রুততম এবং তিনি অনমোলপ্রীত সিংয়ের রেকর্ড (৩৫ বলে ১০০) ভেঙে দেন। গনি এবং সৌরভ নিশ্চিত করেন যে বিহার রেকর্ড সময়ে ৫০০ রানের মাইলফলক অতিক্রম করবে। ৪৬তম ওভারের চতুর্থ বলেই এই মাইলফলক শুঁয়ে ফেলে বিহার। ৫০ ওভারে ৫৭৪/৬ রানের ‘বিশ্ব রেকর্ড’ স্কোরে বিহারের ইনিংস শেষ হয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
