অলস্পোর্ট ডেস্ক: সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটে এই দুটো নাম দিয়ে বুঝিয়ে দেওয়া যায় দুই প্রজন্মকে। এবং ফেলে আসা প্রজন্মের গড়ে যাওয়া রেকর্ডে যখন বর্তমান প্রজন্ম ঢুকে পড়ে তখন গোটা বিশ্ব তাঁকে অভিবাদন জানায়। আর সেই কাজ যে বিরাট কোহলি এই বিশ্বকাপেই করে ফেলবে তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। কারণ ৪৮তম সেঞ্চুরিটিও তিনি করে ফেলেছিলেন এই বিশ্বকাপেই। এবং তিনি যে দুরন্ত ফর্মে রয়েছেন তাতে সচিনের ৪৯ সেঞ্চুরির রেকর্ডকে ছাঁপিয়ে যাওয়া শুধু এখন সময়ের অপেক্ষা।
রবিবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল দ্রুত প্যাভেলিয়নে ফিরে যাওয়ায় দলকে বড় রানে পৌঁছে দেওয়ার দায়িত্ব এসে পড়েছিল বিরাটের কাঁধেই। আর তাতে তো তিনি সফল বটেই সঙ্গে ৪৯তম সেঞ্চুরি হাঁকিয়ে ছুঁয়েও ফেললেন সচিনকে।
যে ভেন্যুতে সচিনেরও কম কৃতিত্ব নেই। সেখানেই তাঁর ৪৯ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন তিনি। ২৭৭ ইনিংস খেলে এই রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি। সচিন করেছিলেন ৪৫২ ইনিংসে। কাকতালিয় হলেও সত্যি বিরাটের প্রথম ওডিআই সেঞ্চুরিও এসেছিল এই ইডেনেই ২০০৯-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে।
টেস্ট, ওডিআই ও টি২০ মিলিয়ে বিরাটের ঝুলিতে জায়গা করে নিল ৭৯টি সেঞ্চুরি। তার মধ্যে ২৯টি টেস্ট সেঞ্চুরি, ৪৯টি ওডিআই সেঞ্চুরি ও একটি টি২০ সেঞ্চুরি রয়েছে। এদিন কাগিসো রাবাদার বলে এক রান নিয়ে সেঞ্চুরিটি সম্পূর্ণ করেন বিরাট। নিজের ৩৫তম জন্মদিন এভাবেই স্বার্ণাক্ষরে লিখে রাখলেন তিনি। এদিন তিনি ১১৯ বলে ১০০ রানে পৌঁছন। এই বিশ্বকাপেই তিনি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
