ওয়াশিংটন সুন্দর
অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে রবিবার মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। কিন্তু ফাইনাল খেলতে নামার আগে চিন্তার ভাজ ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে। অক্ষর প্যাটেলের চোট রয়েছে। এই অবস্থায় অক্ষরের কভার হিসেবে ডাকা হল ওয়াশিংটন সুন্দরকে। এশিয়া কাপের দলে থাকলেও পুরো টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি তিনি। তবে অক্ষরের চোটের কারণে তাঁকে কভার হিসেবে রাখা হচ্ছে দলে। শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ছয় রানে হেরে যায় ভারত। এদিনের ম্যাচেই চোট পান অক্ষর। তবে তাঁর চোট ঠিক কতটা গুরুতর তা এখনও জানা যায়নি।
বিসিসিআই-এর একটা সুত্র বলছে, ‘‘অক্ষরের এই মুহূর্তে বেশ কয়েকটি চোট রয়েছে। তিনি তাঁর কনিষ্ঠ আঙ্গুলে চোট পেয়েছেন। এছাড়াও তাঁর হাতে গভীর চোট রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ তাঁর হামস্ট্রিংয়ে চোট। এই অবস্থায় তিনি কতটা খেলতে পারবেন তা নিয়ে রয়েছে সন্দেহ। তাই তাঁর বিকল্প হিসেবে দলে ওয়াশিংটন সুন্দরকে রাখা হয়েছে।’’
যদিও হাতের চোটের থেকেও অক্ষরের হামস্ট্রিং-এর চোট বেশি ভাবাচ্ছে ভারতীয় দলের নির্বাচকদের। কারণ আইসিসি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। সেই অবস্থায় অক্ষরের চোট গুরুতর হলে তাঁর বিকল্প নিয়ে ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।
অফ-স্পিন বোলার ওয়াশিংটন শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এই বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
