Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাত রানের রোমাঞ্চকর জয়ের অন্যতম নায়ক অক্ষর প্যাটেল। যিনি নিজেকে সত্যিকারের একজন অলরাউন্ডার হিসেবে প্রমাণ করেছেন, কেবল ব্যাট এবং বল হাতেই নয়, ফিল্ডিংয়ে সেরা অবদানটি রেখেছেন। বৃহস্পতিবার মাঠে অক্ষরের বেশ কয়েকটি অসাধারণ মুহূর্ত ছিল এবং শিবম দুবের সঙ্গে মিলে বাউন্ডারি লাইনের কাছে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে ইংল্যান্ডের বিপজ্জনক অলরাউন্ডার উইল জ্যাকসকে ফিরিয়ে তিনি ম্যাচটিকে ভারতের পক্ষে ফিরিয়ে আনেন।

জ্যাকব বেথেলের সঙ্গে উইল জ্যাকস, ইংল্যান্ডকে ধীরে ধীরে খেলায় ফিরিয়ে আনছিলেন, মাত্র ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়েছিলেন। তখনই অক্ষরের ফিল্ডিং তাঁদের সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেন।

১৪তম ওভারের শেষ বলে, অর্শদীপ সিং একটি ওয়াইড, নিচু ফুল টস দেন এবং জ্যাকস তুলে সেই বলে হিট করেন। প্রাথমিকভাবে মনে হয়েছিল এটি ওভার বাউন্ডারি হবে, যে গতি ছিল বলে তাতে সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দেয় অক্ষরের দুরন্ত ফিল্ডিং।

দেখুন: অক্ষর প্যাটেল এবং শিবম দুবের জুটির অসাধারণ ক্যাচ

ডিপ এক্সট্রা কভার থেকে পূর্ণ গতিতে দৌঁড়ে আসা অক্ষর প্যাটেল বাউন্ডারি রোপের ভিতরেই বলটি মুষ্টিবদ্ধ করতে সক্ষণ হন। তখনও অবশ্য ঝুঁকি কাটেনি, কারণ চূড়ান্ত গতিতে অক্ষর তখন বেরিয়ে যাচ্ছে‌ন বাউন্ডারির বাইরে। সেই মুহূর্তে অক্ষর বুঝতে পারেন যে তিনি শরীরে ভারসাম্য হারিয়ে ফেলেছেন, কিন্তু তাঁর উপস্থিত বুদ্ধি এবং নিজের উপর অবিশ্বাস্য নিয়ন্ত্রণ বজায় রেখে বলটি আবার উপরে ছুঁড়ে দেন। এবং বল তাঁর হাত থেকে বেরনোর সঙ্গে সঙ্গেই তিনি বাউন্ডারি লাইনের বাইরে চলে যান। আর এক দিক থেকে সেই বল ধরতে সেখানে পৌঁছে গিয়েছিলেন শিবম দুবেও, তখনও তিনি দর্শকের ভূমিকায়। তবে শেষ পর্যন্ত ক্যাচ লেখা হয় তাঁরই নামে, যখন অক্ষরের ছুঁড়ে দেওয়া বল মাটিতে পড়তে না দিয়ে মুষ্টিবদ্ধ করেন দুবে।

ড্রেসিংরুমে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে দেখা যায় উচ্ছ্বাসে ফেটে পড়তে। তার আগে পর্যন্ত তাঁর কপালে দেখা যাচ্ছিল চিন্তার ভাঁজ। কারণ বড় রানের লক্ষ্যমাত্রা হলেও দারুণ লড়াই দিচ্ছিল ইংল্যান্ড।

অক্ষর ম্যাচে আরও দু’টি ক্যাচ ধরেন, যার মধ্যে একটি দুর্দান্ত ক্যাচ ছিল পিছনের দিকে ডাইভ করে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে ডাগআউটে ফেরত পাঠানো। তাঁর আরেকটি ক্যাচ আসে ম্যাচের দ্বিতীয় ওভারে, যা এই অক্ষর প্যাটেলের জন্য অত্যন্ত সহজ ছিল। এছাড়া ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার যিনি টি-টোয়েন্টি ভারতীয় দলের সহ-অধিনায়কও, টম ব্যান্টনকে ফিরিয়ে নিজের নামে একটি উইকেটও লিখে নেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *