Cart Total Items (0)

Cart

All Sports
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

অলস্পোর্ট ডেস্ক: দুরন্ত বোলিংয়ের পর অসাধারণ ব্যাটিং, আর এই দু’য়ে মিলে পাঁচ দিনের ম্যাচ তিন দিনেই শেষ করে দিল ভারত। ভারতের কোনও কিছুর সামনেই বুক চিতিয়ে দাঁড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত, প্রথম টেস্ট ভারত জিতে নিল ইনিংস ও ১৪১ রানে। ভারতকে দ্বিতীয় ইনিংসে ব্যাটই করতে হল না। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ১৫০ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিসহ ভারত ৪২১-৫-এ প্রথম ইনিংস ঘোষণা করে দেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩০ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ও তেজিনারিন চন্দ্রপল। দু’জনের ব্যাট থেকে আসে ২০ ও ১২ রান। যার ফলে শুরুতেই ভিতটা নড়বড়ে হয়ে পরে। সেখান থেকে বড় রান করে দলকে টেনে নিয়ে যাওয়ার মতো আর কেউ ছিলেন না। কারও ব্যাট থেকে হাফ সেঞ্চুরিও আসেনি। এর পর রেমন রিফার ২, জার্মেন ব্ল্যাকউড ১৪, অ্যালিক অ্যাথানেজ ৪৭, জোশুয়া দা সিলভা ২, জেসন হোল্ডার ১৮, রেমার রোচ ১ ও জোমেল ওয়ারিকান ১ রান করে আউট হয়ে যান। ৬৪.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৫০ রানে।

ভারতের হয়ে পাঁচ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তিন উইকেট নেন রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর। যে পেসে ভারতের বোলিং শেষ হয়েছিল সেই পেসেই ব্যাটিং শুরু করেন রোহিত শর্মারা। এই ম্যাচে অভিষেক হওয়া যশস্বী জয়সওয়ালকে সঙ্গ নিয়ে ভারতের ব্যাটিং শুরু করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। নতুন আর অভিজ্ঞতার মিশ্রনে ওপেনিং জুটিতে ওঠে রেকর্ড ২২৯ রান। একাধিক রেকর্ড করে যশস্বী থামেন ১৭১ রানে। রোহিতের সংযোজন ১০৩। শুবমান গিল ব্যর্থ। করেন মাত্র ৬ রান। এর পর আরও একবার নিজের জাত চেনান বিরাট কোহলি। ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। এই তিন ইনিংস যথেষ্ট ছিল ক্যারিবিয়ানদের হারানোর জন্য।  অজিঙ্ক রাহানে আউট হন ৩ রানে। ৩৭ রানে রবীন্দ্র জাডেজা ও ১ রানে ইশান কিষান অপরাজিত থাকেন। ১৫২.২ ওভার ব্যাট করে ৪২১-৫-এ ইনিংস ঘোষণা করে দেন রোহিত।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেনকেমার রোচ, আলজারি জোসেফ, রাহকিম কর্ণওয়াল, জোমেল ওয়ারিকান ও অ্যালিক আথানেজ। হাতে তখনও দু’দিন বাকি যখন ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে সেই দু’দিন আর কাজে লাগল না। তাসের ঘরের মতো ভেঙে পড়ল ক্যারিবিয়ান ইনিংস। ব্যক্তিগত সর্বোচ্চ রান অ্যালিক আথানেজের ২৮।  ৫০.৩ ওভারে ১৩০ রানেই শেষ হয়ে গেল হোম টিমের দ্বিতীয় ইনিংস। ভারতের প্রথম ইনিংসের থেকে মোট ১৪১ রান পিছিয়ে থেকেই থামতে হল। ভারতের হয়ে বল হাতে আবার দাপট দেখালেন অশ্বিন। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংস ৭ উইকেট পকেটে পুড়লেন তিনি। ২ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। এক উইকেট মহম্মদ সিরাজের। ম্যাচের সেরা হলেন যশস্বী জয়সওয়াল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *