Cart Total Items (0)

Cart

All Sports India

সুচরিতা সেন চৌধুরী: একটা দীর্ঘ টুর্নামেন্টে এক একটা দিন এমন যায়। কখনও ভাগ্য সঙ্গে থাকে না। তবে যেটা হয়ে গিয়েছে, সেটা নিয়ে আর না ভেবে পরের ম্যাচ নিয়েই ভাবতে চান কলকাতা নাইট রাইডার্সের পাঁচ ছক্কার কারিগর। এই মরসুমে এখনও তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। ইতিমধ্যেই ছয় ম্যাচ খেলে ফেলেছে দল। তার মধ্যে চারটে জয় দুটো হার-সহ আট পয়েন্টেই থেকে গেল কলকাতা। সাত ম্যাচে ছ‘টি জয় ও একটি হার নিয়ে ১২ পয়েন্টে শীর্ষে রাজস্থা‌ন। নেট রান রেটের বিচারে কলকাতা দ্বিতীয় স্থানে থাকলেও একই পয়েন্টে রয়েছে চেন্নাই ও হায়দরাবাদ। জায়গা ধরে রাখতে দ্রুত জয়ে ফিরতে হবে কলকাতাকে। সঙ্গে কাজে লাগাতে হবে হোম গ্রাউন্ডের সুবিধে।

এদিন জেতা ম্যাচ যেভাবে হারতে হল কলকাতাকে সেদিকটি যেমন দেখতে হবে তেমনই সেই হার নিয়েও বসে থাকতে নারাজ কেকেআর কর্তৃপক্ষ। ম্যাচ হেরে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রিঙ্কু সিং। হারলেও আত্মবিশ্বাসে কোনও ঘাটতি চিল না তাঁর। বলছিলেন, ‘‘এক একটা দিন এমন হয়ে যায়। আজ ভাগ্য ওদের সঙ্গে ছিল। আমাদের দল খুব ভাল। খুব ভাল ক্রিকেট খেলছে। তাই হার নিয়ে ভাবছি না। সবাই ভাল খেলছে। আবার ঘুরে দাঁড়াব।’’

পাশাপাশি তিনি বলেন, ‘‘রাজস্থান খুব ভাল দল। আর এই ম্যাচ একাই জিতিয়েছে বাটলার। ও খুব ভাল ব্যাট করেছে।’’ নারিন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘খুব ভাল ব্যাট করছে। আগের থেকে একটা পরিবর্তন তার মধ্যে এসেছে সেটা হল ধৈর্য্য অনেক বেড়েছে। আগে সব বলই মারার চেষ্টা করত। এখন ভাবনা-চিন্তা করে খেলছে। নেটে খুব খাটছে।’’

এদিকে ম্যাচ জিতলে যেমন মাঠে নেমে সবাইকে জরিয়ে ধরেন, শুভেচ্ছা জানান এদিনও তার ব্যতিক্রম হয়নি। তিনি শাহরুখ খান। মাঠ থেকে ড্রেসিংরুমে ফিরেও দলের পাশে দাঁড়ান তিনি। সবাইকে ভরসা দেন। ভেঙে না পড়ার কথা বলেন। তাতেই হয়তো অনেকটা ঘুরে দাঁড়ানোর রসদ পায় দল। তিনি বলেন, ‘‘আমরা যেভাবে খেলেছি হারটা আমাদের প্রাপ্য ছিল না। সেভাবে জয়টাও ওদের প্রাপ্য ছিল না। কিন্তু এক একটা দিন এমন হয়ে যায়। ওরা খুব ভাল খেলেছে। আমরাও অসাধারণ খেলেছি। তাই কেউ মন খারাপ করা বা ভেঙে পড়ার কোনও কারণ নেই।’’

তিনি বিশেষ করে দলের মেন্টর গৌতম গম্ভীরকে উদ্দেশ্য করে এই কথা বলেন। তিনি বলেন, ‘‘আমরা খুব ভাল জায়গায় আছি। সেটা ধরে রাখতে হবে। আমাদের মধ্যে যে দলগত ঐক্য রয়েছে সেটা অসাধারণ। আমি সবাইকে নিয়ে গর্বিত। যেভাবে রিঙ্কু বলেছে, এটা ভগবানের পরিকল্পনা, আমাদের জন্য আরও ভাল পরিকল্পনা রয়েছে। আমিও সেটাই বলছি।’’ দলের মালিকের তরফে এমন বার্তা সত্যিই ঘুরে দাঁড়ানোর চাবিকাঠি। পরের ম্যাচে কলকাতাকে ঘরের মাঠেই খেলতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে দল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *