অলস্পোর্ট ডেস্ক: জসপ্রিত বুমরাহ-র চোট সারিয়ে ভারতীয় দলে যোগ দেওয়ার বিষয়টি এখনও ডামাডোলে। জাতীয় দলে জসপ্রিত বুমরাহর অনুপস্থিতি গত এক বছরে ভারতকে অনেক সমস্যায় ফেলেছে, বিশেষ করে বড় ইভেন্টে। ভারতীয় এই পেসার যদি এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলে থাকতেন, তবে ভারতের পারফর্মেন্সে তাঁর প্রভাব দেখা যেত। এই বছরের এশিয়া কাপে তাঁর ফেরার স্বপ্ন দেখছে গোটা দেশ। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই বোলার জাতীয় দলের জার্সি পরার জায়গায় পৌঁছে যেতে পারেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, বুমরাহ আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় দলের অংশ হতে পারেন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আয়ারল্যান্ডে দ্বিতীয় সারির ভারতীয় দল পাঠাতে পারে। বুমরাহ এই মুহূর্তে রয়েছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। আর সেখানে তাঁর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে যার ফলে তিনি অগস্টেও সিরিজের জন্য দলে ফিরতে পারেন।
গত মাসে, একটি রিপোর্টে বলা হয়েছিল যে বুমরাহ এনসিএ-তে বোলিং শুরু করেছেন এবং শীঘ্রই বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলবেন।
“এই ধরনের চোটের জন্য, কোনও টাইমলাইন সেট করা বুদ্ধিমানের কাজ নয় কারণ ক্রমাগত পর্যবেক্ষণ প্রয়োজন। তবে এটা বলা যেতে পারে যে বুমরাহ ভালই সেরে উঠছেন এবং এনসিএ-র নেটে তিনি সাত ওভার বল করেছেন। এটি তাঁর উন্নতির প্রমাণ। শুরুতে হালকা ওয়ার্কআউট এবং বোলিং সেশন থাকবে। তিনি পরের মাসে কয়েকটি অনুশীলন ম্যাচ (এনসিএ-তে) খেলবেন, এবং তারপরে তার ফিটনেসের পরিস্থিতির মূল্যায়ন করা হবে,” পিটিআই সূত্রের খবর।
টিম ইন্ডিয়ার প্রাক্তন স্ট্রেনথ অ্যান্ডড কন্ডিশনিং কোচ রামজি শ্রীনিবাসন বলেছেন, বুমরাহকে ফিরিয়ে আনার পরও খুব যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে।
“তাঁকে নিয়ে তাড়াহুড়ো করা উচিত হবে না। এনসিএ-তে অনুশীলন ম্যাচ খেলা একটি ভাল পদক্ষেপ কারণ এটি একটি ম্যাচের চাহিদার সঙ্গে তাঁর শরীরকে সুরক্ষিত করতে সাহায্য করবে। তবে তাঁকে বড় ম্যাচে আনার আগে ঘরোয়া ম্যাচে খেলাতে হবে,” বলেন রামজি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
