জয়ের পর মুম্বই দল। ছবি সৌজন্যে ট্যুইটার।
নিজস্ব সংবাদদাতাঃ প্রথম মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে মুম্বইয়ের কাছে ৭ উইকেটে হার দিল্লির। ফাইনালে প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রান করতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। মাত্র ৩৫ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পরে যায় দিল্লি। তবে অধিনায়ক ৩৫ রান করে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান। ল্যানিং আউট হতেই তাসের ঘরের মত ভেঙ্গে পরে দিল্লির ব্যাটিং। মুম্বইয়ের হয়ে ইসি ওং তিনটি উইকেট নেন।একটা সময় মাত্র ৭৯ রানে ৯ উইকেট পরে যায় দিল্লির। শেষ উইকেটে ৫২ রান যোগ করেন শিখা পান্ডে ও রাধা যাদব।
১৩২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২৩ রানে ২ উইকেট হারালেও হরমনপ্রীত ও সিভার ব্র্যান্ট দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। হরমনপ্রীত ৩৭ রানে আউট হলেও ৫৫ বলে ৬০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সিভার। মূলত এদের জুটি দলকে কাপ এনে দিতে সাহায্য করল।
